বাটলার বললেন, ‘এই মুহূর্তে কোনো উত্তর নেই’
টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ইংল্যান্ড। এখন পর্যন্ত পাঁচ ম্যাচের একটিতে জিতেছে গত আসরের চ্যাম্পিয়নরা। এমন শোচনীয় হার ও হতাশাজনক পারফরম্যান্সে ইংলিশ দলপতি জস বাটলারের কাছে কোনো উত্তর নেই।
বৃহস্পতিবার বিশ্বকাপে টিকে থাকার লড়াইয়ে শ্রীলংকার বিপক্ষে নেমেছিল ইংল্যান্ড। যেখানে রীতিমতো বিধ্বস্ত হয়েছে ইংলিশ বাহিনী। এ হারে বিশ্বকাপ মিশন থেকে অনেকটাই ছিটকে গেছে জস বাটলারের দল।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাটলার বলেন, ‘এর (কেন হচ্ছে না) কোনো সোজাসাপটা উত্তর এই মুহূর্তে নেই। আমাদের জন্য অনেক কঠিন আর হতাশার একটি টুর্নামেন যাচ্ছে। নিজের ওপর, সবার ওপর হতাশ। কেউই নিজেদের সেরাটা দিতে পারছি না।’
ব্যাঙ্গালুরুতে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরু পেয়েছিল ইংল্যান্ড। তবে প্রথম পাওয়ার প্লের পর সবকিছু এলেমেলো হয়ে যায়। লংকান বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেনি ইংল্যান্ডের মিডল অর্ডার। ১৫৬ রানে গুটিয়ে যায় তারা।
ধারাবাহিকতা নেই অধিনায়কের ব্যাটেও। দলের ব্যর্থতায় নিজেকেও দুষলেন তিনি। বাটলার বলেন, ‘খেলোয়াড়দের চেষ্টার ত্রুটি দেখি না। তবে আমরা নিজেদের সেরা খেলাটা থেকে পিছিয়ে আছি। এটি সামনে থেকেই শুরু হয়, অধিনায়ক হিসেবে আপনি সামনে থেকে নেতৃত্ব দিতে চাইবেন এবং আমি নিজেই আমার সেরা পারফরম্যান্স থেকে অনেকটাই পিছিয়ে।’