রোনালদিনহোর অপেক্ষায় বাংলাদেশ অধিনায়ক
২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের প্লে অফে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। মঙ্গলবার ঘরের মাঠ ঢাকার কিংস অ্যারেনায় মুখোমুখি হবে দু’দল। খেলাটি শুরু হবে সন্ধ্যা পৌনে ৬টায়।
গুরুত্বপূর্ণ এ ম্যাচকে সামনে রেখে কঠোর অনুশীলন করছেন জামাল ভূঁইয়ারা। এ ম্যাচের জয়-পরাজয়ই বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করবে।
বাংলাদেশের বাঁচা-মরার লড়াইয়ের পরের দিনই ঢাকায় আসবেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রোনালদিনহো। তার সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার।
সোমবার বসুন্ধরা কিংস অ্যারেনায় সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। রোনালদিনহোর সঙ্গে দেখা করার বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘১৮ তারিখ রোনালদিনহো বাংলাদেশে আসবে। সেদিন আমি ফ্রি আছি।’
তিনি আরো বলেন, ‘রোনালদিনহোকে যে আনছেন তিনি একজন ভারতীয়। তিনি আমার সঙ্গে যোগাযোগ করেছেন। আমাকে আর সালাউদ্দীন ভাইকে দেখা করার জন্য বলেছেন। আমি অবশ্যই আমার একজন আদর্শের সঙ্গে দেখা করার সুযোগ পেলে দেখা করবো। ২০০২ সালে আমি যখন বিশ্বকাপ দেখি তখন তার খেলার প্রেমে পরে যাই আমি। এটা আমার জন্য বিশেষ কিছু। ’
তবে এখন এসব নিয়ে ভাবছেন না বলে জানিয়েছেন জামাল। তিনি বলেন, ‘তবে আমি এখন এসব কিছু নিয়ে ভাবছি না। আমি শুধু আগামী ম্যাচে আমাদের পারফরম্যান্স নিয়ে ভাবছি।’.
উল্লেখ্য, প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে শেষ মুহূর্তের গোলে ১-১ গোলে ড্র করেছিল জামাল ভূঁইয়ারা। এবার ঘরের মাঠ কিংস অ্যারেনায় পরীক্ষা দিতে নামবে তারা। এই ম্যাচ জিতলে বিশ্বকাপের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।