ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

‘কখনোই ভাবিনি বিশ্বকাপে খেলব’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৪৭, ১৬ অক্টোবর ২০২৩
‘কখনোই ভাবিনি বিশ্বকাপে খেলব’
ছবি- সংগৃহীত

শুরু হয়েছে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের মহাযজ্ঞ। এবারের আসরের আয়োজক উপমহাদেশের পরাশক্তি ক্রিকেট খেলুড়ে দেশ ভারত। স্বাভাবিকভাবেই ‘ফেবারিট’ হিসেবেই যাত্রা শুরু করেছে মেন ইন ব্লুজরা।

এবারের আসরে এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলেছে স্বাগতিক ভারত। যার সবকটিতে সাফল্য পেয়েছে দলটি। এতে রান রেটে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে দলটি।

ঘরের মাঠে চলমান বিশ্বকাপে ভারত স্কোয়াডে সুযোগ পেয়েছেন গতি তারকা মোহাম্মদ সিরাজ। আর নিজের প্রথম বিশ্বকাপেই বল হাতে প্রতিপক্ষ শিবিরে রীতিমতো কাঁপন ধরাচ্ছেন। তবে সিরাজ নাকি কখনোই ভাবেননি জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপ খেলবেন তিনি। 

Advertisement

সবশেষ পাকিস্তান ম্যাচে বল হাতে দ্যুতি ছড়িয়েছেন সিরাজ। এদিন ম্যাচ শেষে তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি কখনোই ভাবিনি বিশ্বকাপে খেলব। আমি খুব দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। এখন যেহেতু বিশ্বকাপ খেলছি, এটা আমার জন্য কিছু একটা অর্জনের মঞ্চ।’

তিনি আরো বলেন, ‘সবারই মাঝে মধ্যে খারাপ দিন যায়। পারফরম্যান্স নিচে নেমে যায়। একটা খারাপ দিনে কেউ খারাপ পারফর্মার হয়ে যায় না। ভালো বোলিং করার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলাম। ওই আত্মবিশ্বাসই সহায়তা করেছে, ফলও পেয়েছি। দলের সবাই ভালো বোলিং করছেন। উইকেট না পেলেও চাপ তৈরি করছেন। এগুলোই দলকে সফলতা এনে দিচ্ছে।’ 

শুধু ভারত-পাকিস্তান নয়, সিরাজদের কাছে প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘এটা বিশ্বকাপ, এখানে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা একটা করে ম্যাচ ধরে এগোচ্ছি। তিন ম্যাচেই জয় পেয়েছি। দলের পরিবেশ খুব ভালো।’ 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!