ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

সাদের গোলে ড্র করলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৬, ১২ অক্টোবর ২০২৩
সাদের গোলে ড্র করলো বাংলাদেশ
ছবি- সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের প্লে অফে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। যেখানে শেষ মুহূর্তের গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে লাল-সবুজের জার্সিধারীরা।

বৃহস্পতিবার মালদ্বীপের মালেতে প্রথম লেগের খেলায় স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ। যেখানে ১-১ গোলের ব্যবধানে ড্র করেছেন জামাল ভূঁইয়ারা। ম্যাচের শেষ মুহূর্তে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন সাদউদ্দিন।

ম্যাচের শুরু থেকেই আক্রমণে জমে ওঠে দু’দলের লড়াই। আর জিকোর বদলে পোস্ট সামলানোর দায়িত্ব পাওয়া মিতুলের দৃঢ়তায় ও ভাগ্যের ছোঁয়ায় ১৮তম মিনিটে বেঁচে যায় বাংলাদেশ। সতীর্থের থ্রু পাস ধরে মালদ্বীপের আলি ফাসিরের কোনাকুনি শট মিতুলের গ্লাভস ছুঁয়ে পোস্টে লেগে ফিরে।

ম্যাচের ৩৫তম মিনিটে কর্নারে রাকিবের হেড অল্পের জন্য বাইরে যায়। ৪০তম মিনিটে ফাহিমের ভলিও হয় লক্ষ্যভ্রষ্ট। আর ৬৪তম মিনিটে হামজা মোহাম্মদের ক্রস সাকিল হোসেন ক্লিয়ার করতে গিয়ে বল জালে জড়াতে বসেছিলেন; ভাগ্য ভালো, বল যায় ক্রসবারের উপর দিয়ে। একটু পর ইব্রাহিম হুসেনের কোনাকুনি শট বেরিয়ে যায় দূরের পোস্ট দিয়ে।

বদলি নামার পরই মালদ্বীপ গোলরক্ষকের পরীক্ষা নেন রবিউল হাসান। ৭৪তম মিনিটে শরীর ঘুরিয়ে নেয়া এই মিডফিল্ডাররের শট অনেকটা লাফিয়ে আটকান শরিফ হোসেন।

দুই মিনিট পর ফের মিতুলের দৃঢ়তায় বেঁচে যায় বাংলাদেশ। প্রতিপক্ষর থ্রু পাস আটকাতে পারেনি রক্ষণভাগের কেউ। বল পেয়ে যান আলি ফাসির। মালদ্বীপ অধিনায়কের শট ছুটে এসে পথ আগলে দাঁড়িয়ে রুখে দেন গোলরক্ষক।

৮৭তম মিনিটে পিছিয়ে পড়ে বাংলাদেশ। ডান দিক থেকে উড়ে আসা ক্রস ক্লিয়ার করতে হেড দিয়েছিলেন কাজী তারিক রায়হান। বল তার সামনে থাকা শাকিলের গায়ে লেগে চলে যায় নাজিমের পায়ে। নিখুঁত শটে সুযোগ কাজে লাগান মালদ্বীপের এই ফরোয়ার্ড।

এর দুই মিনিট পর রাকিবকে তুলে সাদকে নামান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে সাদই স্বস্তি এনে দিলেন। সতীর্থের ক্রস গোলমুখে পেয়ে ঠাণ্ডা মাথায় দারুণ টোকায় জাল খুঁজে নেন তিনি।

আগামী ১৭ অক্টোবর ফিরতি লেগে ঢাকায় মুখোমুখি হবে দুই দল।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!