ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

‘এখানকার পরিস্থিতিতে সেটি সম্ভব হবে না’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:১২, ৯ অক্টোবর ২০২৩
‘এখানকার পরিস্থিতিতে সেটি সম্ভব হবে না’
ছবি- সংগৃহীত

নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে বাংলাদেশ দল। ম্যাচটি গড়িয়েছিল ধর্মশালায়। টাইগারদের পরের ম্যাচও সেই একই ভেন্যুতে। প্রতিপক্ষ বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড।

বিশ্বকাপের ম্যাচ নিয়ে যত না আলোচনা হচ্ছে, তার চেয়েও বেশি সমালোচিত হচ্ছে ধর্মশালার ‘আউটফিল্ড’। কেননা গত ম্যাচের আউটফিল্ড নিয়ে ক্রিকেটার, কোচ এমনকি ম্যাচের ধারাভাষ্যকাররাও আউটফিল্ডের সমালোচনা করেছেন।

মঙ্গলবার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-ইংল্যান্ড। ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। তার আগে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

সংবাদ সম্মেলনেও জস বাটলারকে বেশি উত্তর দিতে হলো এই আউটফিল্ড নিয়েই। দুশ্চিন্তা আছে ইনজুরিতে পড়া নিয়েও।  

তিনি বলেন, ‘আউটফিল্ড নিয়ে উদ্বেগ আছে। আমার মতে, এটি বাজে। এজন্য আমরা কথা বলেছি। দলগত লড়াইয়ে আমরা সব সময়ই চাইবো ডাইভ দিয়ে এক রান বাঁচাতে। কিন্তু এখানকার আউটফিল্ড ডাইভ দেওয়ার জন্য আদর্শ নয় মোটেও।’

ইংলিশ অধিনায়ক বলেন, ‘ইনজুরি যে কোনো সময়ে, যে কোনো আউটফিল্ডে হতে পারে। এজন্য সব সময়ই আপনাকে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে। দেশের হয়ে খেলতে নেমে আপনি সব সময়েই চাইবেন একটি রান বাঁচাতে, মাঠে সেই আত্মবিশ্বাস দেখাতে।’

বাটলারের কথায়, ‘কিন্তু এখানকার পরিস্থিতিতে সেটি সম্ভব হবে বলে মনে হচ্ছে না। যেটা হওয়া উচিত ছিল না। এটা দুই দলের জন্যই সমান। উইকেট দারুণ। আমরা মাঠে নেমে ভালো ক্রিকেট খেলার জন্য ক্ষুধার্ত।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!