ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তামিমের বক্তব্যের জবাবে যা বললেন পাপন

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২৬, ২৮ সেপ্টেম্বর ২০২৩
তামিমের বক্তব্যের জবাবে যা বললেন পাপন
ফাইল ফটো

আগামী ৫ অক্টোবর শুরু হবে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। সেই লক্ষ্যে বুধবার ভারতে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে আজ বিশ্রামে রয়েছে টাইগাররা। এরপর শুক্রবার বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল।

বুধবার বিকেল ৪টায় ভারতের গৌহাটির উদ্দেশে ঢাকা ছাড়ে টাইগাররা। এর ঘণ্টাখানেক পরেই সামাজিক মাধ্যমে ১২ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেন তামিম ইকবাল। যেখানে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়া ও গত কয়েকদিন তার সঙ্গে ঘটে যাওয়া নানা ইস্যুতে রীতিমতো বোমা ফাটিয়েছেন এ বাঁ-হাতি ব্যাটার।

তামিমের দাবি, পরিকল্পনা করেই তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।

Advertisement

টাইগারদের সাবেক এ অধিনায়ক বলেন, ফিটনেস রিপোর্ট অনুযায়ী বিশ্বকাপ খেলার জন্য তিনি ফিট ছিলেন। একই সঙ্গে তিনি নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটির জন্যও ফিজিওর থেকে সবুজ সংকেত পেয়েছিলেন। কিন্তু ফিজিওর সবুজ সংকেত পাওয়া সত্ত্বেও বিশ্বকাপের দলে জায়গা হয়নি তার। আর সেই কারণ হিসেবে বোর্ডের এক শীর্ষস্থানীয় কর্তার কথা জানান তিনি।

তামিমের ভাষ্যে, সেই কর্তার প্রস্তাবে রাজি না হওয়ায় বিশ্বকাপের দলে জায়গা হয়নি তার। সেই কর্তা প্রস্তাব দিয়েছিলেন, ব্যাটিং পজিশন পরিবর্তন করে খেলা আর আফগানিস্তানের বিপক্ষে না খেলা। সরাসরি সেই কর্তার নাম না নিলেও ধারণা করা হচ্ছে, কর্তাটি আর কেউ নন, তিনি খোদ বোর্ড প্রেসিডেন্ট।

তামিমের ভিডিও বার্তার বিষয়ে প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কাছে জানতে চাওয়া হয়। তবে আপাতত এই বিষয়ে কিছুই বলতে চাননি পাপন। তবে এক বাক্যে এই বিষয়ে কথা বলার ইঙ্গিত দিয়েছেন তিনি। পাপনের ভাষ্য, ‘বলবো, বলবো...আজকে না।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!