মূলত জ্বরের কারণেই শ্রীলংকা যেতে পারেননি লিটন দাস। সবশেষ খবর অনুযায়ী, লিটনের শরীরে এখনও ১০০ ডিগ্রি জ্বর আছে। ফলে এই অবস্থায় শ্রীলংকায় যাওয়া তার জন্য কঠিনই। যেহেতু আপাতত যাওয়া হচ্ছে না তাই শ্রীলংকার বিপক্ষে তাকে পাওয়া নিয়ে আছে শঙ্কা।
মঙ্গলবার শ্রীলংকার উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে লিটনকে নিয়ে কথা বলেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস।
.png)
তিনি বলেন, ‘লিটন সুস্থ হলে যাবে। দেখা যাক, আমরা ওয়েট করছি ওর জন্য। যদি সে আজকের মধ্যে সুস্থ হয়ে যায়, তাহলে হয়তো কালকেই আমরা চেষ্টা করবো ওকে কলম্বোতে নিয়ে আসার জন্য।’
লিটনের না থাকা দলে বাড়তি চাপ তৈরি করেছে কি না এমন প্রশ্নের জবাবে জালাল ইউনুস বলেন, ‘অবশ্যই। ও তো আমাদের অভিজ্ঞ ক্রিকেটার। আমাদের প্রতিষ্ঠিত ওপেনার। যাই হোক, আশা করি কোনো সমস্যা হবে না।’
শুক্রবার পাল্লেকেলেতে স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচটি আগামী ৩ সেপ্টেম্বর লাহোরে খেলবে বাংলাদেশ। ম্যাচটিতে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান।