ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

যে মাঠে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯:১৯, ২৭ আগস্ট ২০২৩
যে মাঠে হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
ছবি- সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে আগামী ৫ অক্টোবর। বিশ্ব ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই শুরুর আগে ৪ অক্টোবর হবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান। জমকালো এ অনুষ্ঠান হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

রোববার বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বরাত দিয়ে এ খবর জানিয়েছে ক্রিকবাজ।

এবারের আসরের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও রানার্স-আপ নিউজিল্যান্ড। ম্যাচটি গড়াবে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। একই মাঠে অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠানও।

Advertisement

ক্রিকবাজ জানিয়েছে, বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত থাকবেন আসরে অংশ নেয়া দশ দলের অধিনায়করা। একই সময়ে তুলে ধরা হবে অংশগ্রহণ করা দেশগুলোর ইতিহাস আর ঐতিহ্য। দশ অধিনায়ককে নিয়ে থাকবে বিশেষ পর্ব। উপস্থিত থাকবেন আইসিসির নির্বাহী সদস্যরা। এছাড়া বিশ্বকাপে অংশ নেয়া বোর্ডের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। 

এছাড়া বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর বিনোদন জগতের তারকাদেরও দেখা মিলবে সেদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। বিশেষ করে বলিউডের তারকারা নাচে-গানে মাতাতে পারেন বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চ।

অবশ্য এই অনুষ্ঠানের আগেই ভারতের মাটিতে পা রাখবে প্রায় সবগুলো দলই। মূল লড়াই শুরু আগে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে তারা। ২৯ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ২ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে টাইগাররা।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!