সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে প্রায়ই ছবি কিংবা ভিডিও শেয়ার করেন বিরাট কোহলি। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ইন্সটাগ্রামে নিজের ইয়ো ইয়ো টেস্টের একটি ছবি শেয়ার করেন তিনি। আর তাতেই কোহলির ওপর চটেছে দেশটির ক্রিকেট বোর্ড।
বর্তমানে ব্যাঙ্গালুরুর আলুরে ফিটনেস ক্যাম্পে আছেন ভারতীয় ক্রিকেটাররা। সেখানেই বিরাট কোহলি, রোহিত শর্মাদের ইয়ো-ইয়ো টেস্ট হয়ে গেছে।
.png)
বিসিসিআইয়ের মতে, ফিটনেস টেস্টে পাশ করতে হলে ১৬.৫ পেতে হবে। ইয়ো-ইয়ো টেস্টে ১৭.২ পেয়েছেন কোহলি। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভারতীয় এই ব্যাটার ক্যাপশন দিয়েছেন, ‘ইয়ো-ইয়ো টেস্টে পাশ করে খুশি। ১৭.২ হয়ে গেছে।’
সামাজিক মাধ্যমে ফিটনেস টেস্টের স্কোর প্রকাশ করায় খেপেছে বিসিসিআই। ভারতীয় সংবাদমাধ্যমের মতে, ক্রিকেটারদের এসব তথ্য (ফিটনেস টেস্ট স্কোর) প্রকাশ করতে বোর্ড নিষেধ করেছে।
বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘সামাজিক মাধ্যমে কোনো গোপনীয় ব্যাপারে পোস্ট করতে খেলোয়াড়দের নিষেধ করা হয়েছে। অনুশীলন করা অবস্থায় ছবি তারা পোস্ট করতে পারে। তবে স্কোর পোস্ট করা চুক্তি লঙ্ঘন করার সমান।’
এবারের এশিয়া কাপে আগামী ২ সেপ্টেম্বর চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছেন রোহিত-কোহলিরা। ম্যাচটি গড়াবে শ্রীলংকার পাল্লেকেলেতে।