বিশ্বকাপ জয়ের পর স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন প্রধান লুইস রুবিয়ালেস হয়তো একটু বেশিই রোমাঞ্চিত হয়ে পড়েছিলেন। তাই শিরোপা মঞ্চে আনন্দের আতিশয্যে প্রকাশ্যে এক নারী ফুটবলারকে চুমু দিয়ে বসেন। অবশেষে সমালোচনার মুখে এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন তিনি।
গত রোববার (২০ আগস্ট) স্পেন ও ইংল্যান্ড নারী ফুটবল বিশ্বকাপে প্রথম শিরোপা জয়ের লক্ষ্যে সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় মুখোমুখি হয়। ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ২০২৩ নারী ফুটবল চ্যাম্পিয়ন হয় স্পেন। ফাইনালে শেষ বাঁশি বাজার পরই আনন্দ-উদযাপনে মাতেন স্প্যানিশ ফুটবলারেরা।
.png)
ম্যাচ শেষে খেলোয়াড়রা যখন দলের অন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন, তখন জেনিফার হারমোসোর ঠোঁটে চুমু দেন রুবিয়ালেস। এই দৃশ্য মুহূর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে তুমুল সমালোচনা হয়।
অবশেষে সেই চুমুর ঘটনায় ক্ষমা চেয়েছেন রুবিয়ালেস। তিনি বলেন, এখানে বাজে কোনো উদ্দেশ্য ছিল না। তখন বেশ রোমাঞ্চিত ছিলাম। আমরা এটাকে (চুমু) স্বাভাবিকভাবে নিয়েছি। তবে এটা নিয়ে বেশ সমালোচনা হয়েছে। আমি পুরোপুরি ভুল ছিলাম। এটা স্বীকার করতেই হচ্ছে।
অবশ্য এই ঘটনা নিয়ে হারমোসো অস্বস্তি প্রকাশ না করলেও বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছেন। একটি লাইভ স্ট্রিমিংয়ে ৩৩ বছর বয়সী হারমোসো বলেন, আমি এটি উপভোগ করিনি। তবে এটি ছিল স্নেহ প্রদর্শনের জন্য স্বাভাবিক আলিঙ্গন। বিশ্বকাপের মতো এত বড় একটি অর্জনের আনন্দ থেকেই এমনটা হয়েছে।
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত দুই দলের পুরুষ ও নারী-দুই দলের বিশ্বকাপ জয়ের রেকর্ড আছে। জার্মানির পর দ্বিতীয় দল হিসেবে এই কীর্তি করেছে স্পেন। ২০১০ ফুটবল বিশ্বকাপে শিরোপা জিতেছিল স্পেনের ছেলেদের ফুটবল দল।