এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পর থেকেই রিয়াদকে নিয়ে শুরু হয়েছে আলোচনা। অবশ্য রিয়াদকে দলে না রাখার ব্যাখ্যাও দিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
তার কথায়, ম্যানেজমেন্টের পরিকল্পনায় না থাকায় রিয়াদকে অফ করা হয়েছে। এমনকি কোচ, অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা।
.png)
এশিয়া কাপে জায়গা হারিয়ে বিশ্বকাপ দলেও রিয়াদের সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়। তাহলে কি শেষই হয়ে গেল রিয়াদের ক্যারিয়ার? তেমনটি অবশ্য মনে করছেন না সাবেক ক্রিকেটার ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন।
মঙ্গলবার গণমাধ্যমের মুখোমুখি সুজন বলেন, ‘আমি এটা এখনই বলব না যে ওর শেষটা দেখছি। এখনও রিয়াদ একজন গুড ফাইটার। আমি মনে করি, দলের কম্বিনেশন বা যে কারণেই বাদ পড়ুক না কেন তাতে ভেঙে পড়ার কিছু নেই। এটা সত্যি কথা রিয়াদের বয়সও হচ্ছে। আমি এখনও বিশ্বাস করি রিয়াদ যেভাবে লড়াই করে চেষ্টা করে, তাতে শেষ হয়ে গেছে বলাটা ঠিক হবে না। সুযোগ আবার আসতেও পারে।’
গত মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দল থেকে বাদ পড়েন মাহমুদউল্লাহ রিয়াদ। তখন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। পরে ইংল্যান্ড সফরের আয়ারল্যান্ড সিরিজ ও ঘরের মাঠে আফগানিস্তান সিরিজেও সুযোগ মেলেনি তার।
রানের চেয়েও বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল রিয়াদের স্ট্রাইক রেট। এখনও সেটিই বড় প্রশ্ন। এ কারণে বিশ্বকাপ দলেও তার জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। সুজন অবশ্য মনে করছেন, ঘরোয়া ক্রিকেটে এখনও নিজেকে প্রমাণ করতে পারেন রিয়াদ। তার আশা, ফিরলে পারফরম্যান্সের কারণেই ফিরবেন অভিজ্ঞ এই ক্রিকেটার।
তিনি বলেন, ‘কেউ খারাপ খেলুক, রিয়াদ ওখানে জায়গা করে নিক আমি এটাও বলছি না। আবার এটাও বলতে পারি না কেউ ইনজুরি আক্রান্ত হোক আর রিয়াদ ওখানে খেলুক। রিয়াদের যদি যোগ্যতা থাকে সে অবশ্যই সুযোগ করে নেবে।’