রোববার অন্টারিওর ব্রাম্পটন সিএএ সেন্টারে গ্লোবাল টি-২০ লিগের ফাইনালে মুখোমুখি হয়েছিল মন্ট্রিয়েল টাইগার্স-সারে জাগুয়ার্স। এ ম্যাচে লিটন দাসের দলকে ৫ উইকেটে পরাজিত করেছে সাকিবদের দল। এতে ২০২৩ সালের চ্যাম্পিয়ন শিরোপা উঁচিয়ে ধরেছে মন্ট্রিয়েল।
এদিন জাগুয়ার্সের বিপক্ষে ২৯ বলে ৩৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন রাদারফোর্ড। ৩ চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। আর টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত সময় কাটিয়ে আসরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।
.png)
এর আগে ফাইনালের লড়াই হয়েছে ফাইনালের মতো করেই। যেখানে শেষ বল পর্যন্ত গড়িয়েছে খেলা। মেগা ফাইনালে আরো একবার সুপারহিরো হয়েছেন টি-২০ ক্রিকেটের বড় নাম আন্দ্রে রাসেল। তার ব্যাটিংয়ে ভর করে গ্লোবাল টি-২০র ফাইনালে ৫ উইকেটের জয় পেয়েছে মন্ট্রিয়েল টাইগার্স।
গত কয়েক ম্যাচ ধরেই ছন্দে ছিলেন না লিটন। ফাইনালেও বাংলাদেশি ওপেনারের ব্যাট থেকে খুব একটা ঝলক দেখা যায়নি। মোহাম্মদ হারিস আর জাতিন্দর সিংয়ের ধীরগতির ব্যাটিংয়ের কারণে পাওয়ার প্লে শেষে সুবিধাজনক অবস্থায় ছিল না সারে জাগুয়ার্স। ৬ ওভারে রান এসেছে ৩৫। প্রথম উইকেটের পতন ঘটে তখনই।
ক্রিজে আসা লিটনের উপর তাই চাপ ছিল দ্রুত রান তোলার। চার মেরে সেই শুরুটা এনেও দিয়েছিলেন লিটন। কিন্তু ওই পর্যন্তই। লিটন ব্যর্থ হয়েছেন বড় স্কোর করতে। ১৩ বলে ১২ রান করে আউট হয়েছেন বাংলাদেশি এই ব্যাটার। অধিনায়ক ইফতিখার ফিরেছেন ৮ রান করে।
অপরপাশে কিছুটা ধীরগতিতেই খেলেছেন জাতিন্দর। উইকেটে সেট হয়ে রান তোলার দিকে মনোযোগ দিয়েছেন। তাকে সঙ্গ দিয়েছেন আয়ান খান। দুজনের জুটির ফলেই মাঝারি মানের সংগ্রহের দিকে এগিয়ে যায় সারে। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ওমানের খেলোয়াড় জাতিন্দর। ২০ ওভার শেষে সারের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ১৩০।
রান তাড়া করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি সারে। প্রথম ওভারেই মোহাম্মদ ওয়াসিমের উইকেট হারায় তারা। এরপর দলের হাল ধরেন অধিনায়ক ক্রিস লিন এবং শ্রীমান্ত বিজয়ারাত্নে। দুজনের জুটি থেকে আসে ৩৫ রান। শ্রীমান্ত ফিরে রানের চাকা ছিল সচল। ১২তম ওভারে দুই উইকেট হারিয়ে বসে মন্ট্রিয়েল।
শেষ পর্যন্ত অবশ্য টিকে ছিলেন শেরফেইন রাদারফোর্ড। তার দায়িত্বশীল ৩৮ রান গড়ে দেয় জয়ের ভিত। তবে, ম্যাচের শেষটা করেছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল। ৬ বলে ২০ রানের ঝড়ো ইনিংসের সুবাদেই জয় পায় মন্ট্রিয়েল।
শেষ বলে দরকার ছিল ১ রান। তবে রাসেল শেষ করেছেন নিজের মত করেই। ছয় মেরেই নিশ্চিত করেন মন্ট্রিয়েল টাইগার্সের শিরোপা।