এবার ফ্লোরিডার নিকট প্রতিদ্বন্দ্বি অরল্যান্ডো সিটি এফসির বিপক্ষে মাঠে নামবে মেসির ইন্টার মিয়ামি। লিওর নেতৃত্বে এই প্রথম ফ্লোরিডা ডার্বিতে লড়াই করবে গোলাপী শিবির।
বুধবার (২ আগস্ট) ফ্লোরিডার ড্রাইভ পিংক স্টেডিয়ামে মুখোমুখি হবে মিয়ামি-অরল্যান্ডো। কাতালুনিয়া ও প্যারিস ডার্বির পর এবার ফ্লোরিডা ডার্বিতে মাঠে মাতাবেন আলবিসেলেস্তে মহাতারকা।
.png)
এদিকে রোববার লিগস কাপে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে মেক্সিকান ক্লাব সান্তোস লাগুনাকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে অরল্যান্ডো সিটি। এরপরেই নিশ্চিত হয় গ্রুপপর্বে শীর্ষ স্থানে থেকেই পরের ধাপে যাচ্ছে ক্লাবটি। যেখানে তারা মুখোমুখি হবে ইন্টার মিয়ামির।
লিগস কাপের এই ম্যাচ থেকেই শুরু হচ্ছে নকআউট পর্ব। তাই এখান থেকে পা হড়কানোর সুযোগ নেই কারো জন্য। ইন্টার মিয়ামির হোম গ্রাউন্ড ড্রাইভ পিংক স্টেডিয়ামে হবে এবারের ফ্লোরিডা ডার্বি।
যদিও সাম্প্রতিক ফর্ম কিছু হলেও এগিয়ে রাখবে বেগুনী শিবিরকে। লিগে বর্তমানে ৫ম অবস্থানে আছে অরল্যান্ডো সিটি। অন্যদিকে ১৫ দলের মধ্যে সবার শেষে আছে ইন্টার মিয়ামি। দুই দলের সবশেষ দেখাতেও ৩-১ গোলের দাপুটে জয় পেয়েছিল অরল্যান্ডো।
তবে বিপক্ষ দলে মেসি এবং সার্জিও বুসকেটসের উপস্থিতি নিশ্চিতভাবেই বাড়তি ভাবনার কারণ হবে অরল্যান্ডোর জন্য। বিপরীতে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের উপস্থিতিতে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে স্বাগতিক ইন্টার মিয়ামিকে।