নানা গুঞ্জন আর নাটকীয়তার মাঝেই এমবাপ্পের মূল্য নির্ধারণ করেছে পিএসজি। চলমান দলবদলে তার মূল্য ২৫০ মিলিয়ন ইউরো নির্ধারণ করেছে ফরাসি ক্লাবটি।
যদিও পিএসজির মূল্য নির্ধারণের আগে থেকেই এমবাপ্পেকে ২০০ মিলিয়নে কিনতে চায় রিয়াল মাদ্রিদ। ফলে পিএসজির এই মূল্য কমানোর চেষ্টা করবে লস ব্লাঙ্কোসরা।
.png)
এমবাপ্পেকে নিয়ে দলবদলের নাটক অনেকটাই সমাপ্তির দিকে। অন্য যে কোন সময়ের তুলনায় ফরাসি এই ফুটবলারের দলবদলের বিষয়টি আরো ঘনীভূত হচ্ছে। এমবাপ্পেকে দলে ভেড়াতে রিয়াল এতটাই মরিয়া যে পিএসজি যদি এই ফি না কমায়, তাহলে আরো এক বছর অপেক্ষা করতেও রাজি আছে স্প্যানিশ জায়ান্টরা।
এমবাপ্পেও অপেক্ষার জন্য রাজি। তবে কিছুটা ঝুঁকি থেকেই যাচ্ছে। কারণ যে কোন সময় সিদ্ধান্ত পাল্টানোর অভ্যাস রয়েছে ফরাসি তারকার। যেমনটি ঘটেছিল এক বছর আগে।
প্রাথমিক ভাবে রিয়াল মাদ্রিদের পরিকল্পনা ফ্রি এজেন্ট হিসেবে এমবাপ্পেকে দলভুক্ত করা। তবে করিম বেনজেমা সৌদি আরবে পাড়ি জমানোয় দলটি আক্রমণভাগ নাজুক পরিস্থিতিতে পড়েছে। যে কারণে আগামী মৌসুমে শিরোপা জয়ের লড়াইয়ে নামতে হলে এমবাপ্পের দলভুক্তি অপরিহার্য হয়ে পড়েছে রিয়াল মাদ্রিদের জন্য।