টি-১০ লিগের ব্যস্ততা শেষ হতে না হতেই লংকান প্রিমিয়ার লিগে (এলপিএল) ডাক পেয়েছেন তাসকিন। তিনি ডাম্বুলা অরার জার্সিতে খেলার প্রস্তাব পেয়েছেন। যা এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানিয়ে দিয়েছেন এ পেসার।
অবশ্য তাসকিনের খেলার বিষয়ে শর্ত জুড়ে দিয়েছে বিসিবি। যদি তাসকিনের দল ডাম্বুলা অরা তাসকিনকে বিরতি দিয়ে খেলায় তবেই ডানহাতি এই পেইসারকে এলপিএলে খেলার ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
.png)
মঙ্গলবার (২৫ জুলাই) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস।
তিনি বলেন, ‘পেস বোলারদের ক্ষেত্রে টানা ম্যাচ খেলা কঠিন। বিরতি দিয়ে খেলতে পারলে ভালো। সেভাবেই কথা বলছে তাসকিন। তার দল রাজি হলে ছাড়পত্রের বিষয়টি বিবেচনা করা হতে পারে।’
তাসকিনের বিষয়ে শর্ত জুড়ে দিলেও এলপিএলের জন্য ডাক পাওয়া আরেক পেসার শরিফুল ইসলামের ছাড়পত্র পাওয়ার বিষয়টি ঝুলে রয়েছে এখনো। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তরুণ এই পেসারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানান বোর্ডের এই পরিচালক।
এ প্রসঙ্গে জালাল বলেন, ‘ওর (শরিফুল) বিষয়ে এখনো সিদ্ধান্ত নেইনি আমরা। ও জানিয়েছে আমাদের। টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে আমরা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবো।’
তাসকিন ছাড়াও এলপিএলের আসন্ন আসরে খেলার জন্য ডাক পেয়েছেন সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, শরিফুল ইসলাম ও তাওহিদ হৃদয়।
টুর্নামেন্টে খেলার জন্য সাকিব-মিঠুন ছাড়পত্র পেয়েছেন বেশ আগেই। বুধবার (২৬ জুলাই) কলম্বো যাচ্ছেন মিঠুন আর কানাডার গ্লোবাল টি-২০ লিগ শেষ করে দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। হৃদয়কে ছাড়পত্র দেওয়ার ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।