ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আবারো পাকিস্তান ক্রিকেটে মিসবাহ-উল হক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:০৯, ২৫ জুলাই ২০২৩
আবারো পাকিস্তান ক্রিকেটে মিসবাহ-উল হক
ছবি: সংগৃহীত

এক সময় পাকিস্তান ক্রিকেট দলের কোচ এবং প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ-উল হক। তবে রমিজ রাজা পিসিবির চেয়ারম্যান হওয়ার পর কোচের দায়িত্ব থেকে সরে যেতে হয় মিসবাহ-উল হককে। লম্বা একটা সময় বিরতি দিয়ে আবারও পাকিস্তান ক্রিকেটে ফিরে আসছেন মিসবাহ।

এবার তিনি দায়িত্ব পালন করবেন পিসিবির নতুন ক্রিকেট কমিটির প্রধান হিসেবে। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, পিসিবি খুব দ্রুতই নতুন করে ক্রিকেট কমিটি গঠন করতে যাচ্ছে। যার প্রধান হবেন মিসবাহ-উল হক। তিনি এখন আপাতত দায়িত্ব পালন করছেন পিসিবির বর্তমান চেয়ারম্যান জাকা আশরাফের ক্রিকেটীয় বিষয়াদির উপদেষ্টা হিসেবে।

জুলাইয়ের শুরুতে নতুন কমিটি এবং চেয়ারম্যান নিয়োগের পর এই প্রথম বড় কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টানা আইনি লড়াই শেষে জুনের শুরুতেই নতুন চেয়ারম্যান হিসেবে জাকা আশরাফ এবং তার কমিটি নিয়োগ পায় পিসিবিতে। সে সঙ্গে নাজম শেঠির অন্তর্বর্তীকালীন সময়কালেরও সমাপ্তি ঘটে।

Advertisement

মিসবাহর নিয়োগ পুরোটাই অবৈতনিক। তার পোস্টটি একটি সম্মানজনক পোস্ট। ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে তিনি কোনো পারিশ্রমিক পাবেন না। সোমবার জাকা আশরাফের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সেখানেই এসব নির্ধারণ করা হয়।

প্রায় দুই বছর আগে প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছিলেন মিসবাহ। একসঙ্গে মিসবাহ এবং ওয়াকার ইউনুস কোচিং থেকে পদত্যাগ করেন। তাদের পরিবর্তে অন্তর্বর্তীকালীন হিসেবে নিয়োগ দেয়া হয় সাকলায়েন মোস্তাক এবং আবদুল রাজ্জাককে।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!