ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘ভারতের চেয়ে ভালো ক্রিকেট খেলছি’

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৬, ১৮ জুলাই ২০২৩
‘ভারতের চেয়ে ভালো ক্রিকেট খেলছি’
ছবি- সংগৃহীত

মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। এ ফরম্যাটে এবারই প্রথম সফরকারীদের হারিয়েছে টাইগ্রেসরা। আগামীকাল সিরিজের দ্বিতীয় ওয়াডেতে মুখোমুখি হবে দু’দল। ম্যাচটি জিতলেই সিরিজ নিশ্চিত হবে লাল-সবুজের প্রতিনিধিদের।

ঘরের মাঠে দুর্দান্ত খেলছেন টাইগ্রেসরা। ভারতের বিপক্ষে চলমান টাইগ্রেসদের সিরিজটি মাঠে বসে কোন ফি ছাড়াই সরাসরি দেখার সুযোগ রেখেছে বিসিবি। তবুও মাঠে তেমন সমর্থন পাচ্ছেন না নিগার সুলতানা জ্যোতিরা। কারণ ফ্রি-তে খেলা দেখার সুযোগ থাকলেও আগের ম্যাচগুলোতে গ্যালারি ফাঁকা দেখা গেছে। এ নিয়ে হতাশা ঝরেছে নারী দলের ক্রিকেটার লতা মন্ডলের কণ্ঠে।

দ্বিতীয় ওয়ানডের আগেরদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন লতা। এ সময় তিনি বলেন, ‘অবশ্যই একটু আফসোস আছে। ছেলেদের ক্রিকেটে অনেক হাইলাইটস ও মাঠে দর্শক থাকে, কিন্তু এখানে থাকে খুবই কম। তবে আমার মনে হয় এমনটা খুব বেশিদিন চলবে না। মনে হচ্ছে খুব শিগগিরই আমাদের খেলায়ও দর্শক ফিরবে।’

Advertisement

তিনি আরো বলেন, ‘হোম গ্রাউন্ডে আমরা খুব ভালো খেলতেছি। যতটুকু জানি ইউটিউবে খেলা দেখাচ্ছে। যা মোটামুটি অনেকেই জানে। আগে যখন অনেক জায়গায় যখন যেতাম, ওরা জানতোই না মেয়েরা ক্রিকেট খেলে। এতে আপনাদের বেশি ভূমিকা দরকার, আপনারা যদি বেশি হাইলাইট করেন, তাহলে আমাদের জন্য ভালো, দর্শক আরো বেশি হবে।’

ভারতের চেয়ে টাইগ্রেসরা তুলনামূলক ভালো খেলছে বলে দাবি লতার, ‘আসলে দেখেন ওপরে বা নিচের বিষয় না। ভারত অবশ্যই ভালো দল। আমরাও ভালো করছি। এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপর, যারা খেলে আরকি। যেহেতু লাস্ট টি-২০ ও ফার্স্ট ওয়ানডে আমরা উইন করেছি, আমরা ভালো করতেছি বিধায় এটি হয়েছে। ওদের চেয়ে আমরা বেটার ক্রিকেট খেলতেছি।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!