ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তামিমের বিদায়ে যা বললেন সতীর্থরা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩১, ৬ জুলাই ২০২৩
তামিমের বিদায়ে যা বললেন সতীর্থরা
ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার চট্টগ্রামের এক হোটেলে সংবাদ সম্মেলন ডেকে এ সিদ্ধান্ত জানান তিনি। এর মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন দেশসেরা এই ওপেনার।

চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। যার প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে আফগানদের কাছে হেরেছে স্বাগতিকরা। সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই অশ্রুসিক্ত চোখে ক্রিকেটকে বিদায় বললেন তামিম।

সংবাদ সম্মেলন করে তামিম বলেন, ‘আজ এই মুহূর্ত থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’

Advertisement

তামিমের বিদায়ের খবরটা এরই মধ্যে টক অফ দ্য টাউন। সোশ্যাল মিডিয়া এখন ব্যস্ত তামিমকে নিয়ে। সেই স্রোতে তাল মিলিয়েছেন জাতীয় দলের সতীর্থরাও। জানালেন, অধিনায়ককে মিস করার কথা। 

নিজের ভেরিফায়েড পেইজে টাইগার পেসার তাসকিন লিখেছেন, মাঠ আর মাঠের বাইরে আপনার সঙ্গে লম্বা একটা পথচলায় আমাদের অজস্র স্মৃতি ছিল। একজন ভাই এবং ক্যাপ্টেন হিসেবে আপনি যতখানি সহযোগিতা করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। শেষে তাসকিন জানিয়েছেন, তামিম ইকবালকে মিস করার কথা।

তাসকিনের মতোই স্মৃতিচারণ করেছেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও। খেলা এবং জীবন নিয়ে তামিমের কাছ থেকে পাওয়া শিক্ষার কথাই স্মরণ করলেন নিজের স্ট্যাটাসে। কৃতজ্ঞতা জানিয়েছেন সবরকমের সহযোগিতার জন্য।

তরুণ পেসার শরীফুল ইসলামের স্ট্যাটাসেও ছিল আক্ষেপের সুর। ছোট বেলায় তামিম ইকবালের খেলা দেখে ভালো লাগবার কথা। নিজের অভিষেকটাও যে তামিমের অধিনায়কত্বে, সে কথাও স্মরণ করলেন এই তরুণ। জানালেন, এই কিংবদন্তি ক্রিকেটারের সাথে ক্রিকেট খেলার সুযোগ পেয়ে গর্বিত তিনি। 

আক্ষেপ ঝড়েছে অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনের কণ্ঠে। লাল সবুজ জার্সিতে আপনার সাথে আর বাংলাদেশ দলে খেলা হবে না। এমন আক্ষেপ ছিলো তার স্ট্যাটাসে। 

জাতীয় দলের রাডারের বাইরে থাকা পেসার রুবেলের লেখাতেও ছিল আক্ষেপ আর হতাশা। চোখের জলে তামিম ইকবালের বিদায়কে মেনে নিতে পারছেন না ৩৩ বছর বয়েসী এই পেসার। তামিমের অবসর পরবর্তী জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। 

এর আগে চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে তামিম ইকবাল জানালেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার শেষের কথা। তার এই আকস্মিক বিদায়ের পর বিশ্বকাপ নিয়ে কিছুটা নতুন করেই ভাবতে হবে বাংলাদেশকে।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!