ধারণা করা হচ্ছে, মেসিকে ১৬ জুলাই নিজেদের ফুটবলার হিসেবে পরিচয় করিয়ে দেবে মিয়ামি। ২১ জুলাই মিয়ামির জার্সিতে তার মাঠে নামার কথাও রয়েছে মেসির।
অবশ্য এর আগে ১৯ জুলাই এমএলএস অল-স্টার্স বনাম আর্সেনালের ম্যাচেও মেসিকে দেখা যেতে পারে, এমন খবর প্রকাশ করেছিল ইউরোপিয়ান গণমাধ্যম। তবে সেই ম্যাচে মাঠে নামা হচ্ছে না মেসির। কারণ আর্সেনাল ম্যাচের জন্য ঘোষিত দলে নেই এ তারকা ফুটবলার।
.png)
ডিসি ইউনাইটেডের ইংলিশ কোচ ওয়েইন রুনি এমএলএস অল-স্টার্স দলের দায়িত্ব পালন করছেন। ডিসির মাঠ অডি ফিল্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের শক্তিশালী দল আর্সেনালের বিপক্ষে লড়বে অল স্টার্স।
এরই মধ্যে সেই ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে অল-স্টার্স, যেখানে নেই মেসির নাম। চুক্তিসংক্রান্ত জটিলতা দূর করে আর্সেনালের বিপক্ষে অল স্টার্সের জার্সিতে মেসিকে খেলানোর সর্বোচ্চ চেষ্টা করেছিল এমএলএল কর্তৃপক্ষ। তবে তা সম্ভব হয়নি।
ধারণা করা হচ্ছে, মৌসুমপ্রতি ৫ কোটি ৪০ লাখ ডলার পারিশ্রমিক পাবেন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। এছাড়া অন্য কিছু খাত থেকেও আয়ের সুযোগ পাবেন মেসি। ইন্টার মিয়ামিতে চুক্তির অংশ হিসেবে অ্যাপলের সাথে মুনাফা ভাগাভাগি এবং সেই সঙ্গে অ্যাডিডাসের শেয়ারের একটি অংশ পাবেন তিনি।
স্ট্রিমিং প্যাকেজ এমএলএস সিজন প্লাসে সাইন আপ করে যেসব নতুন গ্রাহক তৈরি হবে, সেখান থেকে রাজস্বের একটি অংশ মেসিকে দেয়ার চিন্তা করছে অ্যাপল। অ্যাডিডাস কোম্পানি চিন্তা করছে, মেসি মেজর লিগ সকারে খেললে তাদের মুনাফা বাড়বে। সেক্ষেত্রে তাকে একটি অংশ দেয়ার চিন্তাভাবনা করছে তারা।
উল্লেখ্য, বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালে ২ বছরের চুক্তিতে ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দেন মেসি। সেই পিএসজি থেকে এবার মিয়ামিতে যোগ দিতে চলেছেন ফুটবলের এই মহাতারকা।