হাইব্রিড মডেলের প্রস্তাব অনুযায়ী, দুই পর্বে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। প্রথম পর্বের খেলাগুলো ভারতকে ছাড়া এবং দ্বিতীয় পর্বে সংযুক্ত আরব আমিরাতে বাকি ম্যাচগুলো মাঠে গড়াবে। কিন্তু তীব্র গরমের কারনে আবার সেখানে খেলতে রাজি নয় বাংলাদেশ। আর এতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ওপর ক্ষোভ ঝেড়েছেন পাকদের সাবেক তারকা ক্রিকেটার শহিদ আফ্রিদি।
ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে দাবি করা হয়, আপনি পেশাদার ক্রিকেটার হলে আবহাওয়ার ওপর নির্ভর করে খেলবেন না। সকাল ১০টায় শারজায় আমরা ম্যাচ খেলেছি। বাউন্ডারি লাইনের দিকে গেলে আমাদের মাথা ঘোরাতো। এই সময়টাতে অনেক গরম থাকত। উত্তপ্ত রোদে খেলা আপনার ফিটনেসের স্তরও পরীক্ষা করে।
.png)
স্থানীয় টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে আফ্রিদি আরো বলেন, আপনি যদি অজুহাত দিতে চান তবে আপনি যে কোনো কিছু নিয়ে আসতে পারেন। যেমন- এটি সংযুক্ত আরব আমিরাতের খুব গরম। আমি মনে করি এগুলো অজুহাত।
এদিকে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, বিসিসিআই সেক্রেটারি এবং এসিসি চেয়ারম্যান জয় শাহ অন্যান্য দেশকে স্পষ্ট করেছে যে তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রস্তাবিত ‘হাইব্রিড মডেল’ গ্রহণ করবে না। জয় সম্প্রতি সদস্য দেশগুলোর প্রধানদের সঙ্গে এটি নিয়ে আলোচনা করেছেন এবং প্রস্তাব করেছেন যে টুর্নামেন্টটি একটি একক ভেন্যুতে, বিশেষ করে শ্রীলংকায় হওয়া উচিত।
প্রতিবেদনে আরো বলা হয়েছে যে, এসিসির পরবর্তী কার্যনির্বাহী বোর্ডের বৈঠকে পাকিস্তানকে জানানো হবে যে অন্যান্য সমস্ত অংশগ্রহণকারী দেশ শ্রীলংকায় খেলতে সম্মত হয়েছে।
পিসিবি যদি এসিসির এই সিদ্ধান্ত না মানে তাহলে তাদের ছাড়াই অনুষ্ঠিত হবে এশিয়া কাপের আসর। সেক্ষেত্রে ভারত, শ্রীলংকা, বাংলাদেশ এবং আফগানিস্তান এই চারটি দল অংশগ্রহণ করবে। পঞ্চম দলের অন্তর্ভুক্তির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।