ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

মেসি ভক্তদের সুখবর দিলেন তার বাবা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৪, ৫ জুন ২০২৩
মেসি ভক্তদের সুখবর দিলেন তার বাবা
ছবি- সংগৃহীত

প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) জার্সিতে নিজের সবশেষ ম্যাচটি খেলে ফেলেছেন লিওনেল মেসি। আগামী ৩০ জুনের পর ফ্রি এজেন্ট হয়ে যাবেন তিনি। এরপর বিশ্বের যেকোনো ক্লাবে পাড়ি জমাতে পারবেন এ আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়ক।

চলতি বছরের শুরু থেকেই ইউরোপের প্রভাবশালী গণমাধ্যমগুলো দাবি করে আসছিল, আগামী মৌসুমেই পিএসজির ডেরা ছাড়বেন মেসি। আগামী ৩০ জুন ফরাসি ক্লাবের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।

তবে মেসির নতুন ঠিকানা নিয়ে চলছে নানা আলোচনা। মেসির সম্ভাব্য গন্তব্য হিসেবে বিশ্বের নামি-দামি ক্লাবের নাম উঠে আসছে। তবে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না আসলেও মেসি ভক্তদের সুখবর দিলেন তার বাবা ও এজেন্ট হোর্হে মেসি।

Advertisement

ফরাসি সংবাদ সংস্থা এএফপি দুটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আর্জেন্টাইন তারকার সঙ্গে চুক্তি পাকাপোক্ত করতে প্যারিসে পা রেখেছেন আল হিলালের কর্মকর্তারা। শিগগিরই এ নিয়ে আসতে পারে ঘোষণা।

মেসির সৌদি যাত্রা নিয়ে যখন আলোচনা সরগরম, ঠিক সেই মুহূর্তে আবারো লাইমলাইটে বার্সেলোনা। দলবদল বিষয়ক ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানিও এক পোস্টে নিশ্চিত করেছেন, সম্প্রতি বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন মেসির বাবা হোর্হে মেসি। আর এরপরই মেসির বার্সায় ফেরা নিয়ে বলতে গেলে বড় আপডেট দিলেন তিনি। 

হোর্হে মেসি জানিয়েছেন, ‘লিও (মেসি) বার্সায় ফিরতে চায় এবং আমি নিজেও তাকে সেখানে দেখতে পছন্দ করবো।’ 

তিনি আরও জানান, ‘আমি বলতে পারি যে আমরা এখনো আত্মবিশ্বাসী, বার্সেলোনা অবশ্যই একটি বিকল্প। আপনি শিগগিরই ভবিষ্যৎ জানতে পারবেন।’

জানা যাচ্ছে, দুই পক্ষের বৈঠকটি খুবই ইতিবাচক ছিল এবং লা লিগা অবশেষে বার্সেলোনার আর্থিক ফেয়ার প্লে-এর জন্য উপস্থাপিত পরিকল্পনা অনুমোদন করেছে।

মাঝে দুই বছর বাদ দিলে ক্যারিয়ারের শুরু থেকে  বার্সেলোনাই ছিল তার ক্লাব ক্যারিয়ারের সব। সেই বার্সেলোনাকে ভোলেন কী করে লিওনেল মেসি? 

ন্যু ক্যাম্প ছাড়ার পর বেশ ক’বারই আর্জেন্টাইন বিশ্বজয়ী জানিয়েছেন,  বার্সেলোনায় ফিরতে চান আবারো। কাতালুনিয়ায় মেসি কাটিয়েছিলেন জীবনের ২১টি বসন্ত। প্রজন্মের অন্যতম প্রতিভাবান খেলোয়াড় থেকে সর্বকালের অন্যতম সেরার তকমাটাও গায়ে লাগিয়েছেন এখানেই। আবারো সম্ভাবনা রয়েছে পুরনো ঢেরায় ফেরার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!