বুধবার (২৪মে) ক্লাব প্রাঙ্গণে আসন্ন ফেডারেশন কাপের ফাইনাল নিয়ে সংবাদ সম্মেলন করে মোহামেডানের সমর্থকরা। ঐতিহ্যবাহী ক্লাবটির সমর্থকদের আবার কয়েকটি সংগঠন রয়েছে। পাঁচটি সংগঠনের প্রতিনিধিরা সম্মিলিত মোহামেডান সমর্থক পরিবার ব্যানারে এক হয়েছে। এফ এম রফিক উদ্দিন মুখপাত্র হিসেবে ৩০ মে কুমিল্লায় অনুষ্ঠিতব্য ফাইনালে নিরপেক্ষ রেফারিংয়ের জন্য বিদেশি রেফারির দাবি জানান।
মোহামেডান সমর্থক দলের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন বলেন, ‘এই মৌসুমে অনেক ম্যাচে আমরা রেফারির বাজে সিদ্ধান্তের শিকার হয়েছি। শত প্রতিকূলতার মধ্যেও আমরা ফাইনালে উঠেছি। এত বছর পর মোহামেডান ফাইনালে উঠেছে তাই রেফারিং যেন নিরপেক্ষ হয় সেই দাবি আমাদের’।
.png)
এদিকে, রেফারিংয়ের পাশাপাশি মোহামেডানের সমর্থকদের কাঠগড়ায় আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাশ রুপু। বাফুফের সদস্য হয়ে ক্লাবের ম্যাচে ডাগআউটে দাঁড়ানোর বিষয়টি মোহামেডানের সমর্থকদের কাছে প্রশ্নবিদ্ধ। বাফুফে কর্তাদের ক্লাবের পরিচয়ে ডাগআউটে দাঁড়ানো নিয়ে মাঝেমধ্যে প্রশ্ন উঠলেও বাফুফে এর স্থায়ী সমাধান করতে পারেনি।
ক্লাব প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের পর মোহামেডানের সমর্থকরা বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে দেখা করতে যান। লিখিত চিঠির পাশাপাশি মৌখিকভাবেও তারা তাদের দাবি-দাওয়া তুলে ধরেন।