মঙ্গলবার নারীদের টি-২০ র্যাংকিংয়ে সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। যেখানে দারুণ সুখবর পেয়েছেন টাইগ্রেস ব্যাটার জ্যোতি ও স্পিনার ফাহিমা।
সদ্য সমাপ্ত শ্রীলংকার মাটিতে তিন ম্যাচের টি-২০ সিরিজ শেষ করেছে বাংলাদেশ নারী দল। এ সিরিজে ব্যাট হাতে ১১৩ রান করেন নিগার। প্রথম ম্যাচে ৫১ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে বাংলাদেশকে ৬ উইকেটের দুর্দান্ত জয় পাইয়ে দেন তিনি।
.png)
নিগারের অধিনায়কোচিত ইনিংসে ৯ বছর পর লংকান মেয়েদের বিপক্ষে টি-২০তে জয়ের স্বাদ পায় বাংলাদেশ। পরের দুই ম্যাচে ৭ ও ৩১ রান করেন নিগার। এতে চার ধাপ এগিয়ে ১৮তম স্থানে উঠে এসেছেন তিনি।
এদিকে সিরিজে বল হাতে ৫ উইকেট নেন ফাহিমা। ২৯ ধাপ এগিয়ে ৫৬তম স্থানে জায়গা করে নিয়েছেন তিনি।
ব্যাটারদের তালিকায় উন্নতি হয়েছে শ্রীলংকার অধিনায়ক চামারি আতাপাত্তুর। বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয়া সিরিজে ১০৩ রান করেন তিনি। দুই ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছেন আতাপাত্তু।
ব্যাটারদের তালিকায় অস্ট্রেলিয়ার তাহলিয়া ম্যাকগ্রা, বোলারদের তালিকায় ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন এবং অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার।