ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সেই কোলো মুয়ানির দাম ১০০ মিলিয়ন!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৫০, ৬ মে ২০২৩
সেই কোলো মুয়ানির দাম ১০০ মিলিয়ন!
ফাইল ছবি

চলছে কাতার বিশ্বকাপের ফাইনাল। অতিরিক্ত সময়েরও শেষ মুহূর্তের খেলা চলছে, বাকি আর মাত্র কয়েক সেকেন্ড। ম্যাচের শেষ শট হিসেবে বল পেলেন কোলো মুয়ানি। আর্জেন্টাইন গোলরক্ষক এমি মার্টিনেজকে সামনে একা পেয়েও বলটি জালে জড়াতে পারলেন না এ ফরাসি ফুটবলার। শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে শিরোপা উৎসবে মাতে আর্জেন্টাইনরা।

যে ফুটবলারের শেষ মুহূর্তের মিসে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা, আসন্ন দলবদলে সেই কোলো মুয়ানির দাম উঠেছে ১০০ মিলিয়ন!

আগামী মৌসুমে নতুন একজন স্ট্রাইকার কিনবে ম্যানচেস্টার ইউনাইটেড। যে ফর্মে থাকা মার্কোস রাশফোর্ডের সঙ্গে জুটি গড়বে, গোল করবে এবং প্রেসিং ফুটবল খেলবে। স্ট্রাইকার হিসেবে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আলোচনায় আছেন তিনজন। 

Advertisement

একজন টটেনহ্যামের অভিজ্ঞ ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেন, অন্যজন নাপোলিকে ৩৩ বছর পর ইতালির লিগ সিরি আ জেতানো ভিক্টর ওসিমেন ও তৃতীয়জন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলা ও শেষ বাঁশির আগে শট নিয়েও গোল করতে না পারা আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের স্ট্রাইকার কোলো মুয়ানি। 

ইউনাইটেড কোচ এরিক টেন হাগ স্ট্রাইকার কেনার বিষয়ে বলেছেন, ‘আমাদের ক্লাবের নতুন ভবিষ্যৎ গড়তে হবে। সেজন্য আমাদের একজন স্ট্রাইকার দরকার। যে শুধু গোল করবে না, খেলায় সংযোগ গড়বে এবং প্রেসিং ফুটবল খেলবে।’

তার ওই মন্তব্য অনুযায়ী হ্যারি কেনের সুযোগ কিছুটা কমে যায়। কারণ ৩০ বছরে পা দিতে যাওয়া কেন লম্বা সময় দলকে সার্ভিস দিতে পারবেন না। প্রেসিংয়েও ভূমিকা রাখবেন কম। ২৪ বছরের ওসিমেন ও সমবয়সী মুয়ানি কিছুটা এগিয়ে। এর মধ্যে ওসিমেনের জন্য নাপোলি ১৫০ মিলিয়ন ইউরো দাবি করবে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। 

মুয়ানির দামও কম নয়। চলতি মৌসুমে সব মিলিয়ে ৪১ ম্যাচে ২১ গোল করা ফ্রান্স স্ট্রাইকারের জন্য ফ্রাঙ্কফুর্ট একশ মিলিয়নের বেশি দাবি করেছে। সংবাদ মাধ্যম বিল্ড জানিয়েছে, ওই দাবি অনুযায়ী ইউনাইটেড ১০৬ মিলিয়ন পাউন্ডের দাম প্রস্তাব করার কথা ভাবছে।

কোলো মুয়ানির মধ্যে নাকি ইউনাইটেড বোর্ড বিশেষ কিছু দেখেছে। সেজন্য তারা ফ্রান্সের ফ্রাঙ্কফুর্ট স্ট্রাইকারের জন্য ‘অলআউট’ চেষ্টা করবে। তাকে কিনতে বায়ার্ন মিউনিখ খুবই আগ্রহী বলেও জানা গেছে। এছাড়া রিয়াল মাদ্রিদও করিম বেনজেমার উত্তরসূরী হিসেবে তার দিকে চোখ রাখছে বলে খবর।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!