ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

‘ব্র্যাডম্যানের চেয়ে কোনো অংশে কম নয় বাবর’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫, ৬ মে ২০২৩
‘ব্র্যাডম্যানের চেয়ে কোনো অংশে কম নয় বাবর’
স্যার ডন ব্র্যাডম্যান (বামে), বাবর আজম (ডানে)। ছবি- ডেইলি বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছে পাকিস্তান। এ সিরিজের চতুর্থ ওয়ানডেতে একসঙ্গে দুটি রেকর্ড নিজের নিয়ন্ত্রণে নিয়েছেন বাবর আজম। আর তাতেই পাকিস্তানের দলপতিকে স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে তুলনা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার রমিজ রাজা।

শুক্রবার করাচিতে পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হয় নিউজিল্যান্ড-পাকিস্তান। এ ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ৩৩৪ রান করে স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে ২৩২ রানেই গুটিয়ে যায় সফরকারী দল। এতে ১০২ রানের বিশাল জয় পায় দ্য গ্রিন ম্যানরা।

এ ম্যাচে নিজের ৯৭তম ইনিংসে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড গড়েছেন বাবর। এতে ১০১ ইনিংসে পাঁচ হাজার রান করা হাশিম আমলাকে পেছনে ফেলেছেন তিনি। 

Advertisement

একই দিনে ওয়ানডে ক্যারিয়ারের ১৮তম সেঞ্চুরি হাঁকিয়ে আরেকটি রেকর্ড নিজের দখলে নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক। এ কীর্তি গড়তে ৯৭ ইনিংস খেলতে হয়েছে তাকে। আর তার আগে রেকর্ডটি ছিল প্রোটিয়া ব্যাটার হাশিম আমলার দখলে। ১০২ ইনিংসে এ রেকর্ড করেছিলেন তিনি।

বাবরের প্রশংসা করতে গিয়ে রমিজ বলেন, ‘ডন ব্র্যাডম্যানের চেয়ে কোনো অংশে কম নয় বাবর আজম। সাদা বলের ক্রিকেটে পরিসংখ্যানগত দিক থেকে সে সেরা খেলোয়াড়।’

তিনি বলেন, ‘আমি তার (বাবরের) মতো এমন ধারাবাহিক খেলোয়াড় এমন ঝুঁকিপূর্ণ সংস্করণে আমি তেমন একটা দেখিনি। তার এই পারফরম্যান্সের ভিত্তি হলো টেকনিক ও ধৈর্য্য। তার কৌশলগত কোনো সমস্যা নেই। ঘাসযুক্ত পিচ হোক বা করাচির মতো উইকেট, যেখানে বোলাররা সংগ্রাম করে।’ 

বাবরের রেকর্ড গড়ার দিনে ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষে উঠেছে পাকিস্তান। দলটির শীর্ষে ওঠা বাবরের জন্য সম্ভব হয়েছে বলে মনে করেন রমিজ। তার কথায়, ‘সে (বাবর) দ্রুততম ৫০০০ রান করেছে এবং ভিভ রিচার্ডসের মতো কিংবদন্তিকে ছাড়িয়ে ফেলেছে। যা বড় অর্জন। তার কারণেই পাকিস্তান এক নম্বর দল হয়ে উঠেছে।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!