নিউজিল্যান্ডকে হারানো ম্যাচ দুটিতে পাঁচ নম্বরে ব্যাট করে নেমেছেন মোহাম্মদ রিজওয়ান। দুই ম্যাচেই ব্যাট হাতে দুর্দান্ত খেলেছেন তিনি। প্রথম ওয়ানডেতে ৪২ রানের অপরাজিত ইনিংস ও দ্বিতীয়টিতে অর্ধশতক হাঁকিয়ে জয় নিয়ে মাঠ ছেড়েছেন এ উইকেটরক্ষক-ব্যাটার।
মিডল অর্ডারে ব্যাটিংয়ে নেমে সফলতা পেলেও পাকিস্তান অধিনায়ক ও কোচের সিদ্ধান্তে মোটেও খুশি নন রিজওয়ান। ক্রীড়াভিত্তিক প্রভাবশালী সংবাদমাধ্যম সুপারস্পোর্ট ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
.png)
সংবাদমাধ্যম দুটির দাবি, ২০১৯ সাল থেকে চার নম্বরে ব্যাট করে আসছেন রিজওয়ান। এসময়ে এ পজিশনে দুটি সেঞ্চুরিও করেছেন তিনি। তবে চলতি সিরিজের প্রথম ওয়ানডেতে সেই স্থানে খেলেছেন শান মাসুদ। আর দ্বিতীয়টিতে আব্দুল্লাহ শফিক।
সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রিজওয়ান বলেন, ‘আপনি যদি আমাকে সততার সঙ্গে প্রশ্ন করেন, তাহলে আমি জবাব দেবো, পাঁচে ব্যাটিং করে খুশি নই। কারণ, চার নম্বরে ব্যাট করতে চাই আমি।’
তবে তিনি যেটা চান, তা গুরুত্বপূর্ণ নয় বলে মনে করেন তারকা উইকেটরক্ষক-ব্যাটার।
৩০ বছর বয়সী ক্রিকেটার বলেন, ক্যাপ্টেন (বাবর আজম) ও কোচ যা পছন্দ করেন, সেটাই করবেন। চার নম্বরে ব্যাট করতে চাওয়াটা একান্তই আমার ইচ্ছা। এ নিয়ে কারো বিরুদ্ধে অভিযোগ করছি না আমি।
চলমান সিরিজের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হয়েছে রাওয়ালপিন্ডিতে। পরের তিনটি গড়াবে করাচিতে। তৃতীয় ম্যাচ হবে বুধবার।