ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চ্যাম্পিয়ন্স লিগে গোলের পর রোনালদোর উদযাপন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:২৬, ১৯ এপ্রিল ২০২৩
চ্যাম্পিয়ন্স লিগে গোলের পর রোনালদোর উদযাপন
ছবি- সংগৃহীত

চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে চেলসিকে হারিয়ে শিরোপার লড়াইটা জমিয়ে তুলেছিল রিয়াল মাদ্রিদ। এরপর দ্বিতীয় লেগে ইংলিশ ক্লাবটিকে পাত্তাই দেয়নি স্প্যানিশ জায়ান্টরা। এদিন আনচেলত্তির দলকে জয় এনে দেওয়ার পেছনে বড় ভূমিকা রাখেন রদ্রিগো।

চেলসির মাঠে জোড়া গোল করে রিয়াল মাদ্রিদকে জিতিয়েছেন রদ্রিগো। একই সঙ্গে করেছেন নিজের আইডল ক্রিস্টিয়ানো রোনালদোর বিখ্যাত উদযাপন। 

ম্যাচ শেষে রদ্রিগো বলেন, রোনালদোকে ভালোবেসেই এই উদযাপন করেছেন তিনি।
  
রিয়াল মাদ্রিদের জার্সিতে ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়। চ্যাম্পিয়ন্স লিগে তার অবদান কখনো ভোলার মতো নয়। যেভাবে একের পর এক গোল করে তিনি এই ক্লাবকে শিরোপা জিতিয়ে গেছেন তা অস্বীকার করতে পারবেন না কেউই।

Advertisement

ঠিক একই পথে ছুটছেন রদ্রিগো। তবে লিগে না পারলেও চ্যাম্পিয়ন্স লিগে ঠিকই করে দেখাচ্ছেন ভালো কিছু। আর এতেই তার অনেকটাই মিল পাওয়া যায় রোনালদোর সঙ্গে।

গতকাল রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে প্রথম লেগের মতো দ্বিতীয় লিগেও চেলসিকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে রিয়াল মাদ্রিদ। দুইটি গোলই করেন রদ্রিগো। সেখানে ম্যাচের ৫৮তম মিনিটে দুর্দান্ত এক পাল্টা আক্রমণ থেকে প্রথম গোলটি করার পরই করেন রোনালদোর বিখ্যাত ‘সুইই’ উদযাপন। আর এতেই ফুটে ওঠে পর্তুগিজ তারকার প্রতি ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের ভালোবাসার পরিমাণ।

রদ্রিগো বলেন, নিজের চিরাচরিত উদযাপন করার কথাই ভেবেছিলেন তিনি। তবে হঠাৎ করেই মনে পড়ে আইডল রোনালদোর কথা। আর তখনই করে বসেন বিখ্যাত সেই উদযাপন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের ভাষ্য, ‘হাঁটু গেড়ে স্লাইড করেই গোল উদযাপন করতে যাচ্ছিলাম আমি। কিন্তু হুট করে মাথায় ভাবনা এলো, মনে হলো আমার আদর্শ ক্রিস্তিয়ানো রোনালদোর মতো করেই করি। ’

চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ে রিয়ালের কাছাকাছিও নেই কোনো ক্লাব। গত মৌসুমে রেকর্ড ১৪তম শিরোপা জেতার পর এবার তারা ছুটছে ১৫তম শিরোপার জন্য। 

রদ্রিগো আশা করেন এবারো শিরোপা পেতে যাচ্ছে তারা, ‘আমি জানি না, এটা কীভাবে ব্যাখ্যা করতে হয়। আমার জন্য এই প্রতিযোগিতা সবসময়ই দারুণ স্পেশাল, এখানে মাঠে নামলেই দলে অবদান রাখতে পারি। আমি খুবই খুশি এবং আশা করি যে এভাবেই খেলে যাব, গোল করব আরও, গোলে সহায়তা করব এবং আশা করি, আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিতব। ’

ফাইনালে ওঠার লড়াইয়ে রিয়াল মাদ্রিদকে মোকাবেলা করতে হবে বায়ার্ন মিউনিখ অথবা ম্যানচেস্টার সিটিকে। আজ রাত বাংলাদেশ সময় রাত একটায় কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হবে এই দুই দল। এই ম্যাচেই নির্ধারিত হবে রিয়ালের প্রতিপক্ষ।  

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!