গায়ে আগুন দিয়ে আত্মহত্যাকারী ওই ফুটবলারের নাম নিজার ইসাউই। ব্যক্তিগত জীবনে চার সন্তানের পিতা ছিলেন তিনি।
নিজার একসময় খেলতেন তিউনিসিয়ার শীর্ষ লিগের ক্লাব ইউএস মোনাস্তিরে। মৃত্যুর আগে ফ্রি এজেন্ট হিসেবে অপেশাদার ফুটবল খেলে জীবিকা নির্বাহ করে যাচ্ছিলেন ৩৫ বছর বয়সী এ ফুটবলার।
.png)
স্থানীয় সংবাদমাধ্যমের খবর, সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে দ্বিগুণ দামে কলা বিক্রি করার প্রতিবাদ করতে গিয়ে পুলিশের কাছে হেনস্থা হওয়ায় নিজেকেই ‘চরম শাস্তি’ দেওয়ার সিদ্ধান্ত নেন নিজার।
নিজ শহর হাফুজে গায়ে আগুন দেওয়ার আগে ফেইসবুকে একটি ভিডিওতে নিজার দাবি করেন, কলার মূল্য বৃদ্ধির প্রতিবাদ করায় পুলিশ তাকে মিথ্যা অপবাদ দিয়ে ‘সন্ত্রাসী’ প্রতীয়মান করার চেষ্টা করছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, চিৎকার করে নিজের আক্ষেপের কথা বলছেন নিজার।
তিনি বলেন, ১০ দিনারে (প্রায় সাড়ে তিন মার্কিন ডলার) কলা বিক্রি হচ্ছে, এটার প্রতিবাদ করায় আমাকে পুলিশ স্টেশনে নিয়ে গিয়ে সন্ত্রাসী বানিয়ে দেওয়া হচ্ছে। কলার দাম বাড়ার প্রতিবাদ করায় সন্ত্রাসী… আমার আর কোনো শক্তি অবশিষ্ট নেই। পুলিশকে জানিয়ে দিতে চাই যে, আজকেই আমার সাজা হবে… গায়ে আগুন দিয়ে মৃত্যু।
বৃহস্পতিবার নিজারের মৃত্যু হয় বলে জানান তার ভাই রিয়াদ। আর শুক্রবার তার দাফন সম্পন্ন হয়েছে।
নিজারের মৃত্যুর পর তার শহর হাফুজে জনতার প্রতিবাদ চলছে। শহরের নানা জায়গায় প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীরা রয়টার্সকে জানান, পুলিম সদর দপ্তরের সামনে প্রতিবাদকারীদের দমাতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে।