ঢাকা,  শুক্রবার   ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

আইসিসির মাস সেরা হওয়ার দৌড়ে সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:২০, ৬ এপ্রিল ২০২৩
আইসিসির মাস সেরা হওয়ার দৌড়ে সাকিব
সাকিব আল হাসান

ব্যাটে-বলে দারুণ ফর্মে আছেন সাকিব আল হাসান। গেল মার্চ মাস জুড়ে বাইশগজে দ্যুতি ছড়িয়েছেন এ টাইগার অলরাউন্ডার। টিম সাউদিকে ছাড়িয়ে হয়েছেন টি-২০তে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক, গড়েছেন একের পর এক কীর্তি। এবার আইসিসির মাস সেরার মনোনয়ন পেয়েছেন তিনি।

আজ (বৃহস্পতিবার) আইসিসি গত মাসের সেরার লড়াইয়ে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে। মার্চ মাসের সেরার দৌড়ে সাকিবের প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং সংযুক্ত আরব আমিরাতের আসিফ খান।

এছাড়া মেয়েদের সংক্ষিপ্ত তালিকায় আছেন পাপুয়া নিউগিনির সিবোনা জিমি ও রাভিনা ওয়া এবং রুয়ান্ডার হেনরিয়েট ইশিমউই।

গেল মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের (একমাত্র টেস্ট এখনো চলমান) বিপক্ষে ঘরের মাঠে দারুণ দাপুটে সিরিজ খেলেছে বাংলাদেশ। যার নেপথ্য কারিগর সাকিব আল হাসান। ইংলিশদের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন এ অলরাউন্ডার।

সিরিজে টাইগারদের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক ও উইকেটশিকারি ছিলেন সাকিব। সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের জয়ের দিনেও খেলেছেন ৭১ বলে ৭৫ রানের অনবদ্য এক ইনিংস। এছাড়া চার উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি।

ওয়ানডে সিরিজে দলগত প্রত্যাশা পূরণ না হলেও টি-২০তে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে অবিস্মরণীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ। সাকিবের নেতৃত্বে প্রথমবারের মতো জস বাটলারদের হোয়াইটওয়াশ করে টিম টাইগার্স।  

এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজেও ছিলেন ফর্মের তুঙ্গে। টি-২০ সিরিজের দ্বিতীয়টিতে পাঁচ উইকেট তুলে নিয়ে টি-২০তে সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হয়েছেন সাকিব। গেল মার্চে ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৫৩ রান ও ১৫টি উইকেট দখলে রয়েছে সাকিবের। 

এমন পারফরম্যান্সের জেরেই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সাকিবকে মার্চ মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভূক্ত করেছে। 

ডেইলি-বাংলাদেশ/এএল
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!