সমতা থাকায় সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অঘোষিত ফাইনালে রুপ নিয়েছে। শেষ ম্যাচের বিজয়ী দল সিরিজ জিতবে। যা জয়ের লক্ষ্য নিয়ে আগামীকাল চেন্নাইয়ে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
মুম্বাইয়ে প্রথম ওয়ানডেতে বোলারদের নৈপুণ্যের পর লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজার ব্যাটিং দৃঢ়তায় অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় ভারত। দুই পেসার মোহাম্মদ শামি-মোহাম্মদ সিরাজ এবং জাদেজা তোপে ১৮৮ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।
.png)
জবাবে ৮৩ রানে পঞ্চম উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ১২৩ বলে অবিচ্ছিন্ন ১০৮ রান তুলে ৬১ বল বাকী রেখে ভারতের জয় নিশ্চিত করেন রাহুল ও জাদেজা। রাহুল অপরাজিত ৭৫ জাদেজা অনবদ্য ৪৫ রান করেন।
বিশাখাপত্তমে দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের আগুন ঝড়ানো বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করে ভারতের ব্যাটাররা। ১১৭ রানে গুটিয়ে যায় ভারত। স্টার্ক ৫৩ রানে ৫ উইকেট নেন।
স্টার্কের তোপের পর মাত্র ১১ ওভারে ১১৮ রানের টার্গেট স্পর্শ করে ফেলে অস্ট্রেলিয়া। ট্রেভিস হেড ৩০ বলে ৫১ ও মিচেল মার্শ ৩৬ বলে ৬৬ রানে অপরাজিত থাকেন। মাত্র ২ ঘন্টা ২২ মিনিটে ১০ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা আনে অস্ট্রেলিয়া।
সিরিজ নির্ধারণী ম্যাচে জিততে হলে ব্যাটারদের আরো বেশি দায়িত্ব নিতে হবে বলে মনে করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, ‘প্রথম ম্যাচেও আমাদের ব্যাটিং ভালো হয়নি। দ্বিতীয় ম্যাচে আরও খারাপ হয়েছে।
অস্ট্রেলিয়ার স্টার্ক ও অন্যান্য বোলাররা ভালো বল করেছে, কিন্তু আমরা ভুল শটে উইকেট বিলিয়ে দিয়েছি। আশা করবো, ব্যাটাররা ঘুড়ে দাঁড়াবে। ভালো পারফরমেন্স করে শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোই আমাদের প্রধান লক্ষ্য।’
এখন পর্যন্ত ওয়ানডেতে ১৪৫ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারত ৫৪টিতে ও অস্ট্রেলিয়া ৮১টিতে জয় পায়। ১০টি ম্যাচ পরিত্যক্ত হয়।
ভারত দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুবেন্দ্র চাহাল, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দুল ঠাকুর, আক্সার প্যাটেল ও জয়দেব উনাদকাত।
অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রেভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার এবং অ্যাডাম জাম্পা।