সিরিজের প্রথম টেস্টের শেষ দিন জয়ের জন্য স্বাগতিকদের প্রয়োজন ২৫৭ রান। অন্যদিকে সফরকারীদের জিততে হলে নিতে হবে ৯টি উইকেট। শেষ দিনে নির্ধারিত ৯০ ওভারে দুই দলের কেউই যদি এ লক্ষ্য অর্জন করতে না পারে, তাহলে ম্যাচ হবে ড্র।
এর আগে তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসের শুরুতে কিছুটা বেকায়দা অবস্থায় ছিলো শ্রীলংকা। সে জায়গা থেকে সফরকারীদের টেনে তোলেন অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজ। দুর্দান্ত এক সেঞ্চুরি করেন তিনি। মিডল অর্ডারে তার সেঞ্চুরি এবং লেট মিডল অর্ডারে দুটি মাঝারি মানের ইনিংসের ফলে শ্রীলংকার স্কোর পার হয়ে যায় ৩০০।
.png)
তবে ব্লেয়ার টিকনার, ম্যাট হেনরি এবং টিম সাউদির বোলিং তোপের মুখে শেষ পর্যন্ত ৩০২ রানে অলআউট হয়ে যায় লংকানরা। ফলে জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৮৫ রানের। জবাব দিতে নেমে চতুর্থ দিন শেষ বিকেলে একটি উইকেটও হারাতে হয়েছে কিউইদের।
মাত্র ৫ রান করে ফিরে যান ডেভন কনওয়ে। কাসুন রাজিথার বলে রিটার্ন ক্যাচ দেন তিনি। চতুর্থ দিন শেষে নিউজিল্যান্ডের রান ১ উইকেট হারিয়ে ২৮। ১১ রান নিয়ে টম ল্যাথাম এবং ৭ রান নিয়ে ব্যাট করছেন কেনে উইলিয়ামসন।