বাংলাদেশিদের সালাম জানালেন রোনালদো (ভিডিওসহ)
ফুটবল ভালোবাসেন কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোকে চেনেন না, এমন একজন মানুষ খুঁজে পাওয়া কঠিন। সর্বকালের সেরার বিতর্কে প্রায়ই উঠে আসে পর্তুগিজ মহাতারকার নাম। সম্প্রতি বাংলাদেশিদের সালাম দিয়েছেন সিআর সেভেন।
খেলার পাশাপাশি মাঠের বিভিন্ন কাজের মাধ্যমে ভক্ত সমর্থকদের চমকে দিতে রোনালদোর জুড়ি নেই। ইউরোপ পর্ব শেষে তিনি এখন খেলছেন সৌদি আরবের ক্লাব আল নাসরের হয়ে। সেখানে আবারো ঘুরে দাঁড়াবেন তিনি, সেই বিশ্বাস সমর্থকদের।
বিশ্বজুড়ে রোনালদোর অগণিত ভক্ত, বাংলাদেশেও সংখ্যাটা নেহায়েত কম নয়। সিআর সেভেনের খুশির খবরে যেমন উল্লাস ধ্বনি উঠে বাংলায়, তেমনি ব্যর্থতাতেও নেমে আসে নিরবতা।
তথ্য প্রযুক্তির এই যুগে খবরটা নিশ্চয়ই অজানা নয় খোদ সিআর সেভেনের। আর তাইতো বাংলাদেশকে ইসলামিক কায়দায় অভিবাদন জানিয়েছেন তিনি।
মঙ্গলবার দুপুরের দিকে অমিতাভ দেবনাথ নামের বাংলাদেশি একটি পেজ থেকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যা রীতিমতো ভাইরাল। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাত নাড়িয়ে বাংলাদেশকে সালাম জানাচ্ছেন রোনালদো। তিনি বলছেন, সালামু আলাইকুম বাংলাদেশ।
যদিও কিছুটা ভুল উচ্চারণে সালাম দিয়েছেন তিনি। তবে তাতে কিছু যায় আসে না ভক্তদের। এতটুকুতেই হৃদয় ছুঁয়ে গেছে সবার। ভিডিওটি সম্পর্কে বিস্তারিত না জানা গেলেও অনুমান করা যাচ্ছে রোনালদোর ক্লাব আল নাসেরে হয়তো প্রবাসী বাংলাদেশিরা কাজ করেন। সেই সূত্রেই কোনো এক প্রবাসী রোনালদোর এই ভিডিওটি রেকর্ড করেছেন।