রোনালদোর ৩৮তম জন্মদিন, ৩৮ পাউন্ডের কেক কেটে পালন
সময়ের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো দস সান্তোস অ্যাভেইরো। মাদেইরোয় জন্ম নেয়া ছোট শিশু সময়ের পরিক্রমায় রাজা বনে গেছেন বিশ্বফুটবলের। তার জন্মদিন তাই বিশেষ আয়োজনের মাধ্যমে পালনের চেষ্টায় বিশ্বজুড়ে ভক্তদের কমতি থাকে না।
ক্রিস্টিয়ানো রোনালদোর ৩৮তম জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন ছিল বাংলাদেশেও। রাজধানী ঢাকার রমনা পার্কে ৩৮ পাউন্ডের কেক কেটে বিশেষভাবে সিআর সেভেনের জন্মদিন স্মরণ করেন তার ভক্তরা।
বয়সের পরিক্রমায় একে একে পার হয়েছে ৩৮ বসন্ত। একসময়ে ইউরোপ দাপিয়ে বেড়ানো ক্রিস্টিয়ানোর নতুন ঘর সৌদি আরব। তবে লিসবন থেকে ম্যানচেস্টার, মাদ্রিদ থেকে তুরিনো হয়ে আবার ওল্ড ট্রাফোর্ড। যেখানে গিয়েছেন সঙ্গে নিয়ে গেছেন শতকোটি ফ্যানবেজ।
৩৮-এর বিশেষ দিনে তাই রমনায় ৩৮ পাউন্ডের কেক কেটে এদেশের ভক্তরা আনন্দ করেছেন ভাগাভাগি। রমনায় সেই আয়োজনে আসা এক ভক্ত বলেন, রোনালদো একটা আবেগের নাম। সেই আবেগের বহিঃপ্রকাশ করতেই আমরা এই আয়োজন করেছি।
শুধু রমনাতেই নয়। গোটা রাজধানীজুড়েই নানা আয়োজনে ক্রিস্টিয়ানোর জন্মদিন পালন করেছেন রন ভক্তরা। তাদের বিশ্বাস, বয়সটাকে স্রেফ একটা সংখ্যা বানিয়ে বিশ্বকে অনেকটা দিন বুদ করে রাখবেন সিআর সেভেন।