ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

সিডন্সের বিশ্বাস, টেস্ট সিরিজেও ভালো করবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:৫৯, ২৮ মার্চ ২০২২
সিডন্সের বিশ্বাস, টেস্ট সিরিজেও ভালো করবে বাংলাদেশ
জেমি সিডন্স

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদেরই মাটিতে ওয়ানডে সিরিজ জয় দিয়ে সফর শুরু করেছে বাংলাদেশ। এই সফরটি রাঙিয়ে ঘরে ফিরতে হলে ভালো খেলতে হবে আসন্ন টেস্ট সিরিজেও। টাইগারদের ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেছেন, জয়ের জন্যই দক্ষিণ আফ্রিকায় গেছে বাংলাদেশ।

দুই দশকের অধিক সময় ধরে টেস্ট খেললেও এই সংস্করণে বাংলাদেশের দুর্বলতা বছরের পর বছর চোখে পড়ার মতো ছিল। তবে সম্প্রতি নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয় করে বদলে গেছে টাইগারদের শরীরিভাষা। সেই সঙ্গে পরবর্তী ম্যাচগুলো নিয়েও আশাবাদী হচ্ছে দল।

দক্ষিণ আফ্রিকাতেও ভালো কিছুর প্রত্যাশায় শেষ মুহূর্তের প্রস্তুতি গ্রহণে ব্যস্ত এখন টাইগাররা। সেখানে কেপটাউনে গ্যারি কারস্টেনের একাডেমিতে অনুশীলন করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বাংলাদেশের ব্যাটিং কোচ সিডন্স দুই শহরের কন্ডিশনের সাদৃশ্য খোঁজার চেয়ে মনোযোগ দিচ্ছেন নতুন বলে ব্যাটারদের কীভাবে মোকাবেলা করা শেখাবেন।

এ বিষয়ে সিডন্স বলেন, ‘কেপটাউনের মতো উইকেট হবে কি না আমরা নিশ্চিত করে জানি না। তবে সেরকমই ঘাস আছে, বেশ পেস আসবে। আমরা অন্য উইকেটে অনুশীলন করছি, জানি না টেস্ট ম্যাচের উইকেট কেমন হবে। আমরা এখন শুধু ভালো করে প্রস্তুতি নিতে পারি, নতুন বলে ব্যাটাররা কীভাবে লড়বে তা।’

মুশফিক-মুমিনুলদের কোচ আরো বলেন, ‘ঢাকা কিংবা চট্টগ্রামের চেয়ে এখানে অনেক বাউন্স পাওয়া যাবে। তাই আমাদের সেভাবে বল মোকাবেলা করা ও অফ স্টাম্পের বাইরের বল ছাড়ার প্রস্তুতি নিতে হবে। এটা টেস্ট ম্যাচ, লাল বলের খেলা, আগের সিরিজে (ওয়ানডে) সাদা বলে যারা খেলেছে তাদের চেয়ে ভিন্ন হবে।’

টেস্ট ম্যাচে কোনো ছাড় না দিয়ে শিষ্যদের খেলতে দেখতে চান সিডন্স। তার ভাষায়, ‘আমরা সবাই উপভোগ করেছি। দেশের সবাই খুব গর্বিত হবে তারা যেভাবে খেলেছে। দুইটি ম্যাচ জিতে সিরিজ জয় করা- চমৎকার ফলাফল ছিল। আমার মনে হয়, এটা থেকে আমরা আত্মবিশ্বাসী হতে পারি যে অবশ্যই আমরা পাঁচদিন ভালো ক্রিকেট খেলতে পারব।’

আত্মবিশ্বাসী সিডন্স যোগ করেন, ‘কেবল একদিন না, আমাদের পাঁচ দিনই ব্যাট ও বলে পারফর্ম করতে হবে, কোনো ছাড় দেওয়া চলবে না। প্রতিটা ঘণ্টায় ভালো করে খেলতে হবে। দক্ষিণ আফ্রিকায় গত সফরেও বাংলাদেশ ভালো খেলেছিল। সাকিব পাঁচ উইকেট পেয়েছিল। দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলেছিল। তবে আমরা এখানে জিততে এসেছি, বাংলাদেশ জিততে এসেছে।’

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!