ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টারে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:০৪, ১৮ মার্চ ২০২২
ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টারে বার্সেলোনা
বার্সেলোনার উল্লাস - সংগৃহীত

ঘুরিয়ে দাঁড়িয়েছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে পা দিল জাভি হার্নান্দেজের শিষ্যরা। সব প্রতিযোগিতা মিলে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকল বার্সেলোনা।  

তুরস্কের ইস্তানবুলে বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে ২-১ গোলে জিতেছে দল। ক্যাম্প ন্যুয়ে প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল।
পুরো ম্যাচে ৬৭ ভাগ বলের দখল ছিল বার্সেলোনার। প্রতিপক্ষের পোস্টে ১৯ শটের চারটি রাখে লক্ষ্যে। ৩৩ ভাগ বলের দখল নিয়ে নয় শটের তিনটি লক্ষ্যে রাখতে সক্ষম হয় গালাতাসারাই।

প্রথম লেগ ড্র হওয়ায় ফিরতি লেগে দুই দলেরই জয়ের বিকল্প পথ ছিল না। সে লক্ষ্যে শুরুটা ভালোই করেছিল গালাতাসারাই। ম্যাচের ২৮ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। চিচালদাওয়ের কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কাও। তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি বার্সেলোনা। ৩৯ মিনিটে পেদ্রির দারুন গোলে সমতায় ফেরে জাভির দল। সমতায় ফিরে ম্যাচেত নিয়ন্ত্রণ নিয়ে নেয় বার্সেলোনা।  

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯ মিনিটে দলীয় প্রচেষ্টায় ব্যবধান বাড়ায় বার্সেলোনা। গোল করেন পিয়েরে এমরিক অবামেয়াং। 

যোগ করা সময়ে ফেররানের শট লাগে ক্রসবারে। যদিও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। পরের মিনিটে মেমফিস ডিপাইয়ের শট পোস্টের বাইরে দিয়ে গেলে ব্যবধান আর বাড়েনি।

লা লিগায় আগামী রোববার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠে খেলবে বার্সেলোনা। ক্লাসিকোর আগে এমন জয় নিশ্চিতভাবে আত্মবিশ্বাস বাড়াবে কাতালান দলটির।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!