লিভারপুলে থাকা আমার হাতে নেই: সালাহ
মাত্র বছর পাঁচেক আগেও মোহাম্মদ সালাহর পরিচয় ছিল আর দশজন সাধারণ ফুটবলারের মতো। তাকে রোমা থেকে কিনে নিয়ে আসার পর বৈশ্বিক পরিচিতি পাওয়ার মঞ্চ তৈরি করে দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) দল লিভারপুলই। সেই সালাহ এখন ক্লাবটির সঙ্গে চুক্তি শেষ হওয়ার খুব কাছে আছেন।
লিভারপুলকে নিজের সামর্থ্যের সবটাই দু’হাত ভরে দিয়েছেন সালাহ। চুক্তি শেষের দিকে এলেও ক্লাব ছাড়ার কোনো ইচ্ছাই নেই তার। লিভারপুলেই নতুন চুক্তি পাওয়ার আশা করছে তিনি। তবে বিষয়টা যে তার হাতে নেই সেটাও জানিয়েছেন এই ফরোয়ার্ড।
২০১৭ সালে লিভারপুলে যোগ দেওয়ার পর থেকে তিনি দলকে একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ ও প্রিমিয়ার লিগ শিরোপা জিতিয়েছেন। অল রেডদের দীর্ঘ শিরোপা খরা মেটাতে বড় অবদান রেখেছেন তিনি।
আর দারুণ পারফরম্যান্সে শেষ কয়েক বছরে সালাহ পেয়ে গেছেন তারকাখ্যাতি। লিভারপুল থেকে পাচ্ছেন বড় অঙ্কের বেতনও। প্রতি বছর প্রায় ১ কোটি ২০ লাখ ইউরো আয় করেন তিনি। নতুন চুক্তিতে তাকে রাজি করাতে হলে ক্লাবটিকে নিজেদের ইতিহাসের সবচেয়ে লোভনীয় প্রস্তাবটাই দিতে হবে।
দুই পক্ষের মাঝে নতুন চুক্তির আলাপ শেষ কয়েক মাস ধরেই চলছে। যেখানে কোচ ইয়ুর্গেন ক্লপও যোগ দিয়েছেন শুরু থেকেই। তবু নতুন চুক্তির বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারছে না দুই পক্ষ।
এর মাঝে ভার্জিল ফন ডাইক, আলিসন বেকার, জর্ডান হেন্ডারসন, ট্রেন্ট অ্যালেক্সান্ডার আর্নল্ড, অ্যান্ড্রু রবার্টসন, ফাবিনিওদের চুক্তি নবায়ন করে ফেলেছে ক্লাবটি। তবে সালাহ জানালেন, ক্লাবের কাছে তিনি মোটেও পাগলাটে কিছু চাইছেন না।
এ বিষয়ে সালাহ বলেন, ‘আমি থাকতেই চাই। কিন্তু এটা মোটেও আমার হাতে নেই। তারা জানে আমি কী চাই। আমি মোটেও পাগলাটে কোনো কিছু চাইছি না। যখন আপনি কিছু চান, তারাও আপনাকে দেখান যে তারা কী দিতে পারবেন। কারণ আপনি ক্লাবের জন্য যা করেছেন তার গুনগ্রাহী তারা।’
সালাহ মনে করেন ২০১৭ সাল থেকে তিনি দলকে যা দিয়েছেন, চুক্তিতে তারই একটা প্রতিফলন থাকবে। তিনি বলেন, ‘আমি এখানে পাঁচ বছর ধরে আছি। ক্লাবটাকে ভালো করে চিনি আমি। ভক্তদের ভালোবাসি। আমি জানি তারা আমাকে ভালোবাসেন। কিন্তু প্রশাসন এখন একটা নতুন পরিস্থিতিতে আছে, এটা এখন তাদের হাতে আছে।’