ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

১১ বছরে এশিয়ার কোনো দল যা পারেনি, তাই করে দেখালো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৬, ৫ জানুয়ারি ২০২২
১১ বছরে এশিয়ার কোনো দল যা পারেনি, তাই করে দেখালো বাংলাদেশ
বাংলাদেশ দল

নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকেই টেস্টে হারিয়ে প্রথমবারের মত এ ঐতিহাসিক স্বাদ নিল বাংলাদেশ। ঐতিহাসিক জয়ে বাংলাদেশের ক্রিকেটে নতুন সূর্যোদয়। গত ১১ বছরে এশিয়ার কোন দল নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট জিততে পারেনি। যা করে দেখিয়েছে টাইগাররা।

বুধবার দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে কিউইদের ৮ উইকেটের ব্যবধানে হারিয়েছে টাইগাররা। পঞ্চম ও শেষ দিনে এবাদত হোসেন ও তাসকিন আহমেদের বোলিং তোপে বেশিক্ষণ টিকতে পারেনি নিউ জিল্যান্ড। মাত্র ১৬৯ রানে অল আউট হয় তারা। তাতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪০ রান। আর সেটা ১৬.৫ ওভারে ২ উইকেট হারিয়ে ছুঁয়ে ফেলে বাংলাদেশ।

ঘরে বাইরে মিলিয়ে ১৬ বারের চেষ্টায় অবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে অধরা টেস্ট জয় ধরা দিলো। এতে করে নিউজিল্যান্ডের নিজেদের দুর্গে টানা অপরাজিত থাকার রেকর্ডেও ছেদ টানলো টাইগাররা।

এই হারের আগে ঘরের মাঠে টানা ১৭ টেস্ট অপরাজিত ছিল নিউজিল্যান্ড। সর্বশেষ তারা নিজেদের মাটিতে টেস্ট হেরেছিল ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর আর কোনো দলই কিউইদের মাটিতে জয়ের মুখ দেখেনি।

নিউজিল্যান্ডের মাটিতে উপমহাদেশের দলগুলোর রেকর্ড তো আরও শোচনীয়। গত ১১ বছরেও কিউইদের মাটিতে টেস্ট জিততে পারেনি তারা। সর্বশেষ জিতেছিল পাকিস্তান, সেই ২০১০ সালে।

পাকিস্তান নিউজিল্যান্ডের মাটিতে তাদের সর্বশেষ সিরিজটিতে হারে ২০২০ সালে, ২-০ ব্যবধানে। ভারত তার আগের বছর হারে একই ব্যবধানে। আর শ্রীলঙ্কা ২০১৮ সালে হেরেছিল ১-০ ব্যবধানে।

বাংলাদেশের ম্যাচ জয়ের মুহূর্তটি দেখুন এখানে।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!