আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন হাফিজ
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। ২০১৮ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও দেশের হয়ে ওয়ানডে আর টি-২০ খেলে যাচ্ছিলেন তিনি। খেলেছেন কিছুদিন আগে শেষ হওয়া টি-২০ বিশ্বকাপেও। তবে এবার এই দুই ফরম্যাট থেকেও নিলেন বিদায়।
হাফিজের বয়স হয়ে গেছে ৪১। মাত্র ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করা এই ক্রিকেটার সব ফরম্যাট মিলিয়ে পাকিস্তানের হয়ে ৩৯২ ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ১২ হাজার ৭৮৯ রান করার পাশাপাশি ডানহাতি অফ স্পিনে তুলে নিয়েছেন ২৫৩ উইকেট। যা রীতিমতো ঈর্ষণীয়।
জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হওয়ার পর হাফিজ খেলেছেন ৫৫ টেস্ট, ২১৮ ওয়ানডে আর ১১৯ টি-২০তে। তিনটি ওয়ানডে বিশ্বকাপের পাশাপাশি অংশ নিয়েছেন ছয়টি টি-২০ বিশ্বকাপেও।
দেশের হয়ে তার সবচেয়ে বড় অর্জন ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিও জয়। তার ক্যারিয়ারে আক্ষেপ একটাই, যে একটা বিশ্বকাপে খেলেননি, সেই টি-২০ বিশ্বকাপেই জিতেছে পাকিস্তান (২০০৯ সালে)।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালটাই পাকিস্তানের জার্সি গায়ে হাফিজের শেষ ম্যাচ হয়ে থাকবে। গোটা টুর্নামেন্টে দুর্দান্ত খেলা পাকিস্তান সেই ম্যাচে শেষ দিকে ম্যাথু ওয়েড আর মিচেল মার্শের ঝড়ে উড়ে গিয়েছিল।
দীর্ঘ ক্যারিয়ারে সব মিলিয়ে ৩২ বার ম্যাচ সেরা হয়েছেন হাফিজ। শহীদ আফ্রিদি (৪৩), ওয়াসিম আকরাম (৩৯) আর ইনজামাম-উল-হকের (৩৩) পর যা সর্বোচ্চ। এর পাশাপাশি ৯ সিরিজেও হয়েছেন সেরা।
পাকিস্তান সময় আজ সকাল ১১টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) আনুষ্ঠানিকভাবে লাহোরে অবস্থিত পিসিবির প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অবসরের ঘোষণা দেন হাফিজ। গত এক দশকে ন্যূনতম ৪ হাজার রান ও ১০০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার তিনি।