নিউজিল্যান্ডের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন বছরের প্রথম দিনে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে সফরকারী বাংলাদেশ।
শনিবার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে মাঠে বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি শুরু হবে। টেলিভিশন চ্যানেল টি স্পোর্টস এটি সরাসরি সম্প্রচার করবে।
নতুন বছরের প্রথম ম্যাচ নিয়ে অধিনায়ক মুমিনুল বলছেন, আপাতত ২০২২ নিয়ে এত চিন্তা করছি না। এই সিরিজে কতটা ভালো খেলতে পারি এটা নিয়েই চিন্তা করছি।
মুমিনুল চিন্তা না করলেও পরিসংখ্যান ভাবাচ্ছে বাংলাদেশকে। নিউজিল্যান্ডে দ্বিপাক্ষিক সিরিজে খেলা ৩২ ম্যাচের কোনটিতেই জিততে পারেনি টাইগারা। যেখানে হার ৯ টেস্টের সবগুলোতে। এটি বাদ দিলেও ২০২১ সালে খেলা ৭ টেস্টের ৫টিতে হার বাংলাদেশের। একমাত্র জয়টি এসেছে ‘দুর্বলথ জিম্বাবুয়ের বিপক্ষে। যেটি আবার টেস্ট চ্যাম্পিয়নশিপের কোন অংশ নয়।
আরো পড়ুন: গ্র্যান্ডমাস্টার জিয়াকে রুখল তারই ছেলে
নিউজিল্যান্ডের মাঠে দ্বিপাক্ষিক সিরিজে জয় বঞ্চিত বাংলাদেশ দল এই দেয়াল ভাঙতে শনিবার শুরু হতে যাওয়া ম্যাচে পেস আক্রমণ সাজাবে বলে জানিয়েছে। তিন পেসারের সঙ্গে একজন স্পিনার। সে হিসেবে একাদশ মেলাতে গিয়ে ওপেনিংয়ে এসেছেন মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলাম। ফর্ম খুব ভালো না হলেও উপযুক্ত বিকল্পের অভাবে সাদমান ইসলাম টিকে গেছেন একাদশে। জয়কে নিয়ে তিনি ইনিংস শুরু করছেন।
তিন নম্বরে নাজমুল হোসেন শান্ত জায়গা পেয়েছেন। চারে মুমিনুল হক, পাঁচে মুশফিকুর রহিম, ছয়ে লিটন দাস ও সাকিব আল হাসান না থাকায় একাদশে ফিরেছেন ইয়াসির আলি চৌধুরি রাব্বি। সেক্ষেত্রে তার অবস্থান সাত নম্বরে। ৮ নম্বরে মেহেদী হাসান মিরাজ। নিউজিল্যান্ডের সম্ভাব্য ব্যাটিং অর্ডারে প্রথম পাঁচজনের তিনজন বাঁহাতি ব্যাটসম্যান হওয়ায় বাঁহাতি তাইজুলকে চ্যালেঞ্জ জানিয়ে টিকে গেছেন মিরাজ। পরের তিন পেসার হচ্ছেন ফর্মে ফেরা তাসকিন আহমেদ, বাঁহাতি শরিফুল ইসলাম এবং এবাদত হোসেন।
নিজদের পেস বিভাগ নিয়ে অধিনায়ক বলেন, তাসকিন বিগত সব টেস্টে খুব ভালো বল করেছে। এবাদতও গত দুই টেস্টে খুব ভালো বল করেছে। রাহীও ভালো অবস্থায় আছে। শরিফুল আছে, খালেদ ও শহিদুল আছে। গত এক-দেড় বছরে আমরা বেশ উন্নতি করেছি। তাদের দেখার জন্য আমার আরো রোমাঞ্চ কাজ করছে এই সিরিজে। ওদের নিয়ে আমি খুবই আশাবাদী।
একনজরে দুই দলের একাদশ-
বাংলাদেশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন এবং শরিফুল ইসলাম।
নিউজিল্যান্ড: টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকলস, টম ব্লানডেল (উইকেটরক্ষক), রাচিন রবিন্দ্র, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার এবং ট্রেন্ট বোল্ট।