নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ পেসার খেলাবে বাংলাদেশ
বাংলাদেশের কাছে বরাবরই যেন এক বিভীষিকার নাম নিউজিল্যান্ড। দেশটিতে এখন পর্যন্ত কয়েকবার সফরে গিয়ে তিন ফরম্যাট মিলিয়ে ৩২ ম্যাচ খেলে ফেললেও এখনো জয়ের স্বাদ পায়নি টাইগাররা। এমতাবস্থায় নতুন সিরিজের আগে কিউইদের বধের পরিকল্পনা সাজিয়েছেন টাইগার হেড কোচ রাসেল ডমিঙ্গো।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১লা জানুয়ারি স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের একাদশ ৩ পেসার আর ১ স্পিনার নিয়ে সাজানো হবে বলে জানা গেছে।
সিরিজের প্রথম টেস্ট মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে। এখনো উইকেটে দেখার সুযোগ পায়নি বাংলাদেশ দল। তবে হেড কোচ রাসেল ডমিঙ্গো দলের পরিকল্পনা জানিয়ে বলেন, ‘এখনো উইকেট দেখিনি। উইকেট দেখার পর একাদশ নিয়ে সিদ্ধান্ত নিব। তবে আশা করছি ভালো উইকেটই পাব।’
তিনি আরো বলেন, ‘হয়তো পেস ও স্পিন দুটোকে গুরুত্ব দিয়েই একাদশ সাজাব। চতুর্থ ও পঞ্চম দিনে উইকেটে কিছুটা স্পিন ধরবে। বাংলাদেশের জন্য তো একটু কঠিনই। বাংলাদেশ ঐতিহাসিকভাবে স্পিন নির্ভর। তবে আমাদের দলে ভালো পেসার আছে। হয়ত ৩ পেসারের ওপর ভরসা রাখব।’
এরপর ডমিঙ্গো বলেন, ‘উইকেট দেখে নির্বাচকদের সাথে আলোচনা করব। তবে ভারসাম্যপূর্ণ বোলিং আক্রমণ হবে। ৩ পেসার ও ১ স্পিনার থাকতে পারে। গত কয়েক মাস ধরেই আসলে কঠিন সময় যাচ্ছে। টেস্ট দল হিসেবে আমরা উন্নতি করছি। হয়ত ফলাফল সেটা বলছে না। কিন্তু আমরা এখন ভালো টেস্ট খেলছি।’
বিশ্বকাপে খেলতে গিয়ে বাইশ গজে দুর্দিন শুরু হয়েছে বাংলাদেশের। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ৬ ম্যাচের সবগুলোতে হারের পাশাপাশি সাদা পোশাকে বাংলাদেশ দলের পারফরম্যান্স একেবারেই ভালো নয়। নিউজিল্যান্ডে সে রেকর্ড আরো বেশি কুৎসিত। কিন্তু এবার তরুণদের হাত ধরে ভালো কিছুর প্রত্যাশা করছেন দলের হেড কোচ।
ডমিঙ্গো এ বিষয়ে বলেন, ‘আমাদের ২-১ জন সেরা খেলোয়াড় দলে নেই। তাদের জায়গায় তরুণরা এসেছে। নিউজিল্যান্ড খুব বেশি খেলার অভিজ্ঞতা তাদের নেই। নিউজিল্যান্ডে আমাদের রেকর্ড ভালো নয়। তরুণদের জন্য এটা ভালো সুযোগ।’