মাথায় আঘাত, মাঠ থেকে সোজা হাসপাতালে আন্দ্রে রাসেল
মোহাম্মদ মুসার করা বলটি সোজা আঘাত হানলো আন্দ্রে রাসেলের মাথায়। দাঁড়িয়ে থাকার চেষ্টা করেও পারলেন না, বসে পড়তে বাধ্য হলেন। ইনিংস বিরতির পর আর থাকতেই পারলেন না তিনি। ফলে মাঠ থেকে স্ট্রেচারে করে সোজা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এই ক্যারিবীত অলরাউন্ডারকে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার। এদিন পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন আন্দ্রে রাসেল। কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের ১৩তম ওভারে ব্যাট হাতে নামেন তিনি।
ইসলামাবাদের পেসার মুসাকে পরের ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই ছক্কা মেরে ঝড়ের আভাস দিয়েছিলেন রাসেল। কিন্তু খাটো লেংথের চতুর্থ বলটি পুল করতে গিয়ে আর ব্যাটে লাগাতে পারেননি।
সেই বলটি তার হেলমেটে কান বরাবর আঘাত হানে। এরপর একটু হেঁটে স্কয়ার লেগ অঞ্চলে গিয়ে বসে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে মাঠে ছুটে যান কোয়েটার ফিজিও।
প্রাথমিক চিকিৎসার পর ফিজিওর কাছ থেকে ছাড়পত্র পেয়ে আবারো উঠে দাঁড়ান রাসেল। তখন মনে হয়েছিল আঘাতটা হয়তো তেমন জোরালো নয়। এর পরের বলেই মুসাকে তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হন তিনি।
ড্রেসিংরুমে ফেরার পর আঘাতটা টের পান রাসেল। ইনিংস বিরতির সময় তার ‘কনকাশন সাব’ হিসেবে পেসার নাসিম শাহকে মাঠে নামায় কোয়েটা। ইসলামাবাদ যখন ব্যাটিংয়ে নামে, তখন রাসেলকে স্ট্রেচারে করে ড্রেসিং রুম থেকে বের করে অ্যাম্বুলেন্সে তোলা হয়। নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
রাসেলের মাথায় স্ক্যান করা হলেও তার সবশেষ অবস্থা জানা যায়নি। তবে ধারনা করা হচ্ছে, তার চোট খুব বেশি গুরুতর নয়।