বোলার ছেলের ব্যাটসম্যান মা
ছেলেটির বয়স আর কতই বা হবে! ছোট্ট সেই ছেলেটি একেরপর এক বল ছুঁড়ছে। অপরপ্রান্তে তাকাতেই চোখ আটকে গেল! কারণ ব্যাটসম্যান একজন মহিলা। আবার সাধারণ কোনো ক্রিকেটীয় পোশাক নয়, তিনি ব্যাট করছেন হিজাব পড়েই! পরে জানা গেল, মহিলাটি আর কেউ নন। তিনি বল করা শিশুটির মমতাময়ী মা।
মন কেড়ে নেয়ার মতো ঘটনাটি ঘটেছে রাজধানীর পল্টন মাঠে। অনেক ক্রিকেটপ্রেমীর চোখে এটা অনুপ্রেরণাদায়ক এক ছবিও বটে।

ছবি তোলার সময়ে পল্টন ময়দানে চলছিল বেসবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। সেই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন গুটিকয়েক দর্শক। তবে পরবর্তীতে বেসবল ম্যাচ নয়, সবার চোখ আটকে ছিল পাশের ক্রিকেট পিচে। মা-ছেলের একসঙ্গে ক্রিকেট খেলার এমন অভূতপূর্ব দৃশ্য যে সবসময় দেখা যায় না!

১১ বছর বয়সী ছোট্ট শেখ ইয়ামিন সিনান বোলিং করছিলো তার মা ঝর্ণা আক্তারকে। ব্যাটসম্যান মা'কে লেগস্পিনের ঘুর্ণিতে কাবু করে বেশ কয়েকবার উল্লাসও করতে দেখা যায় শিশুটিকে।
জানা গেছে, আরামবাগের একটি মাদ্রাসার ছাত্র সিনান। পড়াশুনার পাশাপাশি সে কবি নজরুল ক্রিকেট একাডেমিতে অনুশীলন করে। নির্ধারিত সময় পার হলেও তার সতীর্থ কিংবা কোচ কেউই মাঠে এসে পৌঁছায়নি। ফলে মায়ের সঙ্গেই অনুশীলনে নেমে পড়ে ছোট্ট ইয়ামিন।

একদিন এই ক্ষুদে ইয়ামিনদের হাত ধরেই বিশ্ব ক্রিকেটে শাসন করবে বাংলাদেশ, এমন স্বপ্ন তো দেখতেই পারেন ক্রিকেপ্রেমীরা!
আরো পড়ুন: আইপিএলে কোন কোচের পারিশ্রমিক কত