ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

অতিতের রেকর্ড ছাপিয়ে বিশ্ব জয় করতে চান রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭:৩৬, ২৮ আগস্ট ২০২০
অতিতের রেকর্ড ছাপিয়ে বিশ্ব জয় করতে চান রোনালদো
জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো

জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো বলেছেন, এই মুহূর্তে তার উদ্দীপনা ও উচ্চাকাঙ্ক্ষা এ যাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। পরের মৌসুমে তার চেস্টা থাকবে ‘অতীত রেকর্ড ভেঙ্গে বিশ্ব জয় করার’।

জুভেন্টাসের হয়ে দ্বিতীয়বারের মত ‘স্কুডেটো’ জয় করেছেন পর্তুগীজ ফরোয়ার্ড। কিন্তু তার জোড়া গোল সত্বেও ইতালীয় জায়ান্টরা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলর লড়াইয়ে ফরাসি ক্লাবকে অতিক্রম করতে পারেনি।

নিজের ইনস্টাগ্রামে ৩৫ বছর বয়সি এই তারকা লিখেছেন, ‘আমি ‘বিয়ানকোনেরো’তে আমার তৃতীয় মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছি। আমার উদ্দীপনা ও আকাঙ্ক্ষা অতীতের যে কোন সময়ের চেয়ে অনেক উঁচুতে। গোল, জয়, অঙ্গীকার, নিষ্ঠা এবং পেশাদারিত্বে সর্বোচ্চ সাফল্যের অপেক্ষায় আছি।’

তিনি আরো লেখেন, ‘সতীর্থ এবং জুভেন্টাসের সমস্ত কর্মীদের সহায়তা নিয়ে আমি আমার সমস্ত শক্তি দিয়ে আবারো অতীত রেকর্ড ভেঙ্গে ইতালী, ইউরোপ এবং বিশ্বকে জয় করার জন্য কাজ করছি।’

২০২১ সালের লিগ শিরোপা জয়ের মাধ্যমে টানা দশম চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জনের লক্ষ্যে মরিজিও সারির পরিবর্তিত হিসেবে প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন জুভেন্টাস ও ইতালীর সাবেক তারকা আন্দ্রে পিরলো।

তবে চ্যাম্পিয়ন্স লিগের ব্যর্থতা পাঁচ বারের শিরোপার স্বাদ লাভ করা রোনালদোর মান কমিয়ে দিয়েছে। অথচ এই ট্রফি জয়ের লক্ষ্যেই ২০১৮ সালে ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে এসেছিলেন পর্তুগাল সুপারস্টার। এবার ইউসিএল বাঁধা টপকানোর লক্ষ্য নিয়ে আগামী ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া পরের মৌসুম শুরুর প্রস্তুতি নিচ্ছেন রোনালদো।

তিনি বলেন, ‘আরো একবার আরো ভালো করতে চাই, শিরোপা জয়ের জন্য এবং ব্যক্তিগত লক্ষ্য অর্জনের জন্য। সাফল্যের শিখরে পৌঁছানোর পথে যেসব চ্যালেঞ্জ আসবে তার মোকাবেলা করতে ও সফল হতে। আমরা জুভেন্টাস, আমরা চ্যাম্পিয়ন। আমরা অতীতের যে কোন সময়ের তুলনায় আরো শক্তিশালী হয়ে ফিরতে চাই।’

গত মৌসুমে বেশকিছু অর্জন রয়েছে রোনালদোর। প্রথম কোন ফুটবলার হিসেবে তিনি চ্যাম্পিয়ন্স লিগে তিনটি ভিন্ন ক্লাবের হয়ে ১০ বা ততোধিক গোল করেছেন। তিনিই প্রথম কোন ফুটবলার যিনি প্রিমিয়ার লিগ, লা লিগা এবং সিরি-আয় ৫০ বা ততোধিক গোল করেছেন এবং ইউরোপের শীর্ষ ৩টি লিগে এক মৌসুমে ৩০টি বা এর অধিক গোল করেছেন।

এছাড়া টানা ১১টি ম্যাচে গোল করে সিরি-আয় আরো একটি বিরল রেকর্ডের যৌথ মালিক বনেছেন রোনালদো। এর আগে ওই তালিকায় ছিলেন গ্যব্রিয়েল বাতিস্তুতা ও ফ্যাবিও কোয়াগলিয়ারেলা। সব প্রতিযোগিতায় তার করা ৩৭ গোলের হিসেবটিও জুভেন্টাসের জন্য এক মৌসুমে রেকর্ড।

ডেইলি-বাংলাদেশ/আরএস/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!