ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

অবসরের পর ধোনি কী করবেন জানালেন পান্ডে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩০, ১৭ আগস্ট ২০২০
অবসরের পর ধোনি কী করবেন জানালেন পান্ডে
অরুন পান্ডে ও এম এস ধোনি

ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। সাবেক এই ভারতীয় অধিনায়ক অবসর পরবর্তী সময়ে কী করবেন তা নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে জল্পনা কল্পনা। তার ঘনিষ্ঠ বন্ধু ও ব্যবসায়িক পার্টনার অরুন পান্ডে জানিয়েছেন এর উত্তর। 

বার্তা সংস্থা পিটিআইকে পান্ডে জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়ায় এখন থেকে ভারতের আর্মির সঙ্গে আরো বেশি সময় কাটাবেন ধোনি। 

বিশ্বকাপ জয়ের পরপরই ভারতের আর্মিতে সম্মানসূচক পদবি পেয়েছিলেন ধোনি। বর্তমানে ভারতের টেরিটোরিয়াল আর্মির সম্মানসূচক লেফটেন্যান্ট কর্ণেল পদে আছেন সাবেক এই ক্রিকেটার।

এর আগে খেলার ফাঁকে অনেকবার আর্মিদের সঙ্গে সময় কাটিয়েছেন ধোনি। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ শেষেও লম্বা সময় ধরে আর্মি ট্রেনিংয়ে ছিলেন তিনি। 

এ বিষয়ে অরুন পান্ডে বলেন, ‘একটা বিষয় নিশ্চিত। সেটা হচ্ছে এখন ধোনি সেনাবাহিনীর সঙ্গে আরো বেশি সময় কাটাবে। এছাড়া বিভিন্ন বাণিজ্যিক চুক্তিগুলোর জন্যেও সে পর্যাপ্ত সময় দেবে।’

তিনি আরো বলেন, ‘আমরা এ বিষয়ে একসঙ্গে বসে পরিকল্পনা করব। গত বিশ্বকাপের পর এখন পর্যন্ত আমরা ১০টি নতুন ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করেছি। আমি নিশ্চিত এটা ধোনির ব্র্যান্ড ভ্যালুও অনেক বাড়িয়ে দেবে।’

গত শনিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে নিজের খেলোয়াড়ি জীবনের বিভিন্ন মুহূর্ত সম্বলিত একটি ভিডিও আপলোড করেন ধোনি। সেই পোস্টেই অবসরের কথা জানান ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই অধিনায়ক।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!