দাম্পত্য জীবনের ১০ বছর পূরণ করলেন ধোনি
মহেন্দ্র সিং ধোনিকে ভারতের ক্রিকেট ইতিহাসে সর্বকালের সেরা অধিনায়কদের একজন বলা হয়। আজ থেকে ১০ বছর আগে সাক্ষী সিংহ রাওয়াটের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। অত্যন্ত গোপনীয়তার সঙ্গে বিয়ের কাজ সম্পন্ন করেছিলেন সেই সময়ের ভারত অধিনায়ক।
কলকাতায় অনেকটা আকস্মিকভাবেই ধোনি ও সাক্ষীর সম্পর্কের শুরু হয়। সে সময় পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে কলকাতায় বিখ্যাত তাজ হোটেলে ছিলেন ধোনি। অন্যদিকে সেখানেই ইন্টার্নশিপ করছিলেন সাক্ষী। মহেন্দ্র সিং ধোনির বায়োপিকে এখানেই দুজনের প্রথম দেখার ঘটনা তুলে ধরা হলেও দুই পরিবারের মাঝে আগে থেকেই পরিচয় ছিল।
তবে তাজ হোটেলে দেখা হওয়ার আগে ১০ বছর ধোনি ও সাক্ষীর কোনো যোগাযোগ ছিল না। মূলত দুজনের এক ‘কমন ফ্রেন্ড’-এর মাধ্যমেই নতুন করে দুজনের যোগাযোগ শুরু হয়। এরপর ২০০৮ সালের মার্চ মাস থেকে সাক্ষীর সঙ্গে ডেট করা শুরু করেন ধোনি।
সবসময় মিডিয়া থেকে যথাসম্ভব দূরে থাকতে চেয়েছেন এই জুটি। ফলে তাদের বিয়ের ঘটনাও জানতেন না দলের অনেক সতীর্থ। অনেকটা চুপিসারেই দেহরাদূনের একটা রিসোর্টে ২০১০ সালের ৪ জুলাই সাত পাকে বাঁধা পড়েন সাক্ষী-ধোনি।
গাঁটছড়া বাঁধার পর দেখতে দেখতে কেটে গিয়েছে দশ-দশটা বছর। ২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি এই দম্পতির কোল আলো করে এক কন্যা সন্তান জন্মগ্রহণ করে। আজ সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ধোনি ও সাক্ষীকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা।