সোলাইমানির পথে চললে তার উত্তরসূরিরও একই পরিণতি হবে: যুক্তরাষ্ট্র
ইরানের ইসলামী রেভ্যুলিউশনারি গার্ড বাহিনীর (আইআরজিসি) নবনিযুক্ত কমান্ডার ইসমাইল কানিকে হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন নাগরিকদের হত্যায় সোলাইমানির দেখানো পথ বেছে নিলে তার উত্তরসূরিকেও একই ভাগ্য বরণ করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি ব্রায়ান হুক।
সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে দৈনিক আশরাক আল-আওসাতকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
গত ৩ জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় ইরানের প্রভাবশালী নেতা জেনারেল সোলাইমানিকে হত্যা করে মার্কিন বাহিনী। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ওপর ইরান-ঘনিষ্ঠ মিলিশিয়াদের হামলার মূল কারণ হিসেবে সোলাইমানিকে আখ্যায়িত করে আসছিল যুক্তরাষ্ট্র। এই জেনারেলকে হত্যার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
.png)
মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের প্রভাব বিস্তারের মূল কারণ বলা হয় সোলাইমানিকে। তাকে হত্যার প্রতিশোধ নিতে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। ইরান হামলায় সেনা নিহতের ঘটনা বললেও, কোনো ধরণের হতাহত হয়নি বলে দাবি করে যুক্তরাষ্ট্র।
সোলাইমানি নিহতের পর তার পদে ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কানিকে নিয়োগ দেয়া হয়। দায়িত্ব গ্রহণের পর তিনি সোলাইমানির পথ অনুসরণের প্রতিশ্রুতি জানান।
তিনি আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অনেক আগেই বলেছেন যে যুক্তরাষ্ট্র অথবা তাদের কোনো স্বার্থে যদি ইরান হামলা করে তবে তার চূড়ান্ত জবাব দেয়া হবে। ইরানি সরকার নিশ্চয়ই উপলব্ধি করতে পেরেছে যে তারা যুক্তরাষ্ট্রের ওপর কোনো হামলা চালাতে পারবে না। যদি করে তবে শাস্তি থেকেও রেহাই পাবে না দেশটি বলেও জানান তিনি।
সূত্র- রয়টার্স