সান্তা ক্লজ সেজে মাদক পাচারকারীকে ধরল পুলিশ
সান্তা ক্লজ ছাড়া বড়দিনের উৎসব অসম্পূর্ণ। সবাই বড়দিনে সান্তা ক্লজের কাছে অনেক উপহার আশা করেন। কিন্তু বড়দিনের আগে সান্তা ক্লজের হাত ধরেই জেলে যেতে হবে এ কথা স্বপ্নেও বোধহয় ভাবেনি কেউ। তবে এমনই এক আশ্চর্যজনক ঘটনার সাক্ষী হলেন পেরুর এক মাদক পাচারকারী।
সম্প্রতি পেরুর রাজধানী লিমাতে মাদক পাচারকারীর বাড়িতে চলছিলো পার্টি। সেখানে সান্তা ক্লজ সেজে গিয়েছিলেন পুলিশ অফিসাররা। বাকিদের মতোই পার্টিতে মিশে ছিলেন তারা।
কিছুক্ষণ পর সময় বুঝে নিজের পরিচয় দেন সেই অফিসাররা। সেই পরিচয় পেয়েই পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই পাচারকারী। তখনই তাড়া করে তাকে ধরে ফেলেন দুই অফিসার।
ওই পাচারকারীর বাড়ি থেকে মাদক ছাড়াও গুলি, বন্দুক এবং বেআইনি টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পেরু পুলিশ।
ওই পাচারকারীকে আটকের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে পুলিশ। সেখানে দেখা যাচ্ছে, যেভাবে ধরা হচ্ছে ওই পাচারকারীকে।
ভিডিওটি দেখতে <<এখানে>> ক্লিক করুন।