ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

সিকিমে তাপমাত্রা মাইনাস ৩১ ডিগ্রি, ১৭০০ পর্যটক আটকা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬:৫১, ২৯ ডিসেম্বর ২০১৯
সিকিমে তাপমাত্রা মাইনাস ৩১ ডিগ্রি, ১৭০০ পর্যটক আটকা
ছবি: সংগৃহীত

কাশ্মীরের লাদাখ-কারগিলের তাপমাত্রা মাইনাস ৩১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে। শুরু হয়েছে তুষারপাত। সিকিমের প্রাদেশিক রাজধানী গ্যাংটকের জওহরলাল নেহেরু সড়কে আটকে পড়া দেড় হাজার পর্যটককে উদ্ধার করেছে ভারতের সেনাবাহিনী।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, প্রায় ৩০০ গাড়ি তুষারপাতে আটকা পড়ে।  গাড়িতে ১৫০০ থেকে ১৭০০ পর্যটক ছিলেন। খবর পেয়ে পর্যটকদের উদ্ধার করতে যায় দেশটির সেনা দল। শনিবার এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১৫০০ পর্যটককে উদ্ধার করেছেন সেনা জওয়ানরা।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, নারী-শিশু আর প্রবীণসহ প্রায় দেড় হাজার পর্যটককে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৫৭০ জনকে সেনাবাহিনীর অস্থায়ী শিবিরে রাখা হয়েছে। খাবার, গরম পোশাক এবং ওষুধ সরবরাহ করা হচ্ছে আটকে পড়া পর্যটকদের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেনাবাহিনী বুলডোজার ও অন্যান্য সরঞ্জাম দিয়ে পথের মধ্যে জমে থাকা বরফ পরিষ্কার করার চেষ্টা করছে।  

পর্যটকদের উদ্দেশে বলা হয়েছে, যতক্ষণ না বরফ সরিয়ে পথ তৈরি করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পর্যটকদের কিছুটা ভোগান্তি পোহাতে হতে পারে।  

নয়াদিল্লিতে শনিবার তাপমাত্রা আরো কমে হয়েছে ২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। দেশটির আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, ১১৮ বছর আগে ১৯০১ সালে এত ঠান্ডা পড়েছিল দিল্লিতে।  

এদিকে সর্বনিম্ন তাপমাত্রায় বরফাচ্ছাদিত মহাদেশ আন্টার্কটিকাকেও ছাপিয়ে গেছে কাশ্মীরের কারগিল-লাদাখ। বর্তমানে আন্টার্কটিকার সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে এক দশকের মধ্যে সর্বনিম্ন রেকর্ড গড়ে লাদাখের তাপমাত্রা এখন মাইনাস ৩১.৫ আর কারগিলের তাপমাত্রা মাইনাস ২৭ ডিগ্রি সেলসিয়াস।

লাদাখ আর কারগিল ছাড়াও লেহ’র সর্বনিম্ন তাপমাত্রা এখন মাইনাস ২০ ডিগ্রি। হাড় কাঁপানো ঠান্ডা চলছে জম্মু-কাশ্মীরেও।  শুক্রবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৫.৬ এবং পেহেলগামের তাপমাত্রা নামে মাইনাস ১০ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস।  

হিমাচল প্রদেশেও একই অবস্থা। মানালির মতো পর্যটন স্থলে মাইনাস এক ডিগ্রি, ধর্মশালায় ৩.৪ ডিগ্রি, ডালহৌসিতে ৪ ডিগ্রি, সিমলায় ৩.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকবে। এরপর এ রাজ্যে বৃষ্টি বা তুষারপাতের সম্ভাবনাও রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!