ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ ধর্ম ]

কত ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা

নিজস্ব প্রতি‌বেদক
প্রকাশিত: ১৮:১১, ২ মে ২০২৩
কত ডলার সঙ্গে নিতে পারবেন হজযাত্রীরা
ফাইল ফটো

হজের সব ধরনের খরচ বাদ দিয়ে প্রত্যেক হজযাত্রী ১ হাজার ২০০ মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, হজের সার্বিক খরচ ছাড়া প্রত্যেক হজযাত্রী ১ হাজার ২০০ মার্কিন ডলার বা এর সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে যেতে পারবেন। তবে হজযাত্রীদের ক্ষেত্রে ভ্রমণ কোটা প্রযোজ্য হবে না।
 
আরো বলা হয়, বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধিত ও গমনেচ্ছু প্রত্যেক হজযাত্রীর সৌদি পর্বের যাবতীয় ব্যয় বাবদ সর্বনিম্ন ৪ লাখ ৪৩ হাজার ৫২৯ টাকার সমপরিমাণ ১৫ হাজার ৬২২ সৌদি রিয়াল যথাযথ আর্থিক বিধিবিধান অনুসরণ করে হজযাত্রীদের নামের তালিকা দাখিল সাপেক্ষে স্ব স্ব এজেন্সি আইবিএএনের মাধ্যমে সৌদি প্রেরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
 
চাঁদ দেখা সাপেক্ষে চলতি বছরের ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
ট্যাগ: পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!