ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

২৫ ফেব্রুয়ারিকে সেনা দিবস করার দাবি শহিদ পরিবারের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:২৬, ৩০ ডিসেম্বর ২০২৪
২৫ ফেব্রুয়ারিকে সেনা দিবস করার দাবি শহিদ পরিবারের
প্রধান উপদেষ্টার সঙ্গে পিলখানা হত্যাকাণ্ডের শহিদ পরিবারের সদস্যরা

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু পুনঃতদন্ত দাবি করেছেন শহিদ সেনা পরিবারের সদস্যরা। একই সঙ্গে ২৫ ফেব্রুয়ারিকে শহিদ সেনা দিবস ঘোষণা করার দাবিও জানিয়েছেন তারা।

সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এ দাবি জানান পিলখানা হত্যাকাণ্ডে শহিদ সেনা পরিবারের সদস্যরা।

প্রধান উপদেষ্টার সঙ্গে আলাপে শহিদ পরিবারের সদস্যরা তাদের দুঃখ-দুর্দশা ও স্বৈরাচার সরকার কীভাবে তাদের ওপর মানসিক নিপীড়ন ও হয়রানি করেছে সেসবের বর্ণনা দেন। তারা জানান, বিচারের দাবি জানাতে গেলে তাদের ওপর অমানুষিক নিপীড়নও করা হয়েছে। সত্য বলা থেকে বিরত রাখতে তাদের ওপর নানা অত্যাচার চালানো হয়েছে।

Advertisement

শহিদ পরিবারের সদস্যরা বলেন, ঢাকা সেনানিবাসের মইনুল রোডে শহিদ সেনা পরিবারকে পুর্নাবাসনের যে প্রচারণা ফ‍্যাসিস্ট সরকার চালিয়েছে তা সর্বৈব মিথ্যা। কোনো শহিদ পরিবারকে সেখানে কোনো বাসা বরাদ্দ দেওয়া হয়নি। 

শহিদ পরিবারে সন্তানদের বিনাবেতনে লেখা-পড়াসহ অনেক প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি বলেও জানান তারা।

এত বছরেও এ হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত না হওয়ায় বিস্ময় প্রকাশ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, এত বছর ধরে এ হত্যাকাণ্ডের তথ্য গোপন রাখতে পারা অবিশ্বাস্য। আজ আপনাদের কাছ থেকে অনেক বিষয় জানতে পারলাম।

ড. ইউনূস বলেন, আমাদের যতটুকু সার্মথ্য আছে তা দিয়ে এ সংক্রান্ত সব তথ্য প্রকাশ করা হবে। যত দ্রুত সম্ভব এ ঘটনার সব তথ্য একত্রিত করতে হবে। সারাদেশের মানুষ এ হত্যাকাণ্ডের সাক্ষী। জাতির পক্ষ থেকে আমরা অনুভব করি যে, এ হত্যাকাণ্ডের বিচার আমাদের করতেই হবে।

এ সময় উপস্থিত ছিলেন- আইন উপদেষ্টা আসিফ নজরুল, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, উপদেষ্টা মাহফুজ আলম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!